অবশেষে সুন্দরী দাসীর জন্য ঘর নির্মাণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে সংঘটিত চুকনগর গণহত্যা থেকে বেঁচে যাওয়া একমাত্র শিশু সুন্দরী দাসীর জন্য খুলনার ডুমুরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১১ শতাংশ জমির ওপর বসতঘর নির্মাণের কাজ শুরু হয়েছে গত বুধবার।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় খুলনা, বাগেরহাট, যশোর, বরিশালসহ বিভিন্ন জেলা-উপজেলা থেকে বিপুলসংখ্যক হিন্দু ধর্মাবলম্বী জীবন বাঁচাতে ভারতের উদ্দেশে রওনা হন। যাত্রাপথে তাঁরা কয়েক দিন ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারসহ আশপাশের বিলে অবস্থান করেন। ওই খবর পেয়ে পাকিস্তানি সেনা ও তাদের দোসরেরা ২০ মে সকাল থেকে নির্বিচারে গুলি করে অনেক মানুষকে হত্যা করে। ওই গণহত্যার পরদিন সকালে বর্তমান চুকনগর কলেজের সামনে পাতখোলা বিলে বাবা চিকন আলী মোড়লের লাশ খুঁজতে যাওয়া এরশাদ আলী মোড়ল লাশের স্তূপের মধ্যে এক নারীর মরদেহের ওপর একটি ফুটফুটে শিশুকে কাঁদতে দেখে তাকে বাড়িতে নিয়ে যান। আদর করে শিশুটির নাম রাখেন সুন্দরী। বড় হওয়ার পর সুন্দরীকে এলাকার এক ব্যক্তির সঙ্গে বিয়ে দেওয়া হয়। তাঁদের অসচ্ছল সংসারের নানা কষ্টের কথা নিয়ে ২০০৭ সালে প্রথম আলোয় ‘এক সুন্দরী রাজকুমারীর গল্প’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। তারপর অনেকেই সুন্দরীকে বিভিন্নভাবে সহায়তা করেন।
২০১১ সালে ডুমুরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াৎ হোসেনের প্রচেষ্টায় ভূমিহীন সুন্দরীর বসবাসের জন্য খুলনা-সাতক্ষীরা মহাসড়কে চুকনগর বাজারের দক্ষিণ পাশে ১১ শতাংশ খাসজমি বন্দোবস্ত দেওয়া হয়। কিন্তু সেই থেকে প্রভাবশালীরা ওই জমি সুন্দরীকে ভোগদখল করতে না দেওয়ার পরিপ্রেক্ষিতে বুধবার সকালে বর্তমান ইউএনও মোহামঞ্চদ সামছুদ্দৌজা ও সহকারী কমিশনার (ভূমি) সেলিম রেজা উপস্থিত থেকে চুকনগর এলাকার সেই জমিতেই সুন্দরীর বসবাসের জন্য ঘর নির্মাণের কাজ উদ্বোধন করেন।