অবশেষে সেই ভবনে হবে জাদুঘর
রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ের পুরোনো ভবনকে (লাল বিল্ডিং) জাদুঘরে রূপান্তর করা হবে বলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ভবনটি পরিদর্শন শেষে মতবিনিময় সভায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা বিভাগের আঞ্চলিক পরিচালক আতাউর রহমান এ কথা জানান।
সভায় প্রধান শিক্ষক আজিজা খানমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নেজারত ডেপুটি কালেক্টর জামিরুল ইসলাম, প্রত্নতত্ত্ব কর্মকর্তা নাছিমা শাহিন, সহকারী প্রধান শিক্ষক সৈয়দ সিদ্দিকুর রহমান প্রমুখ।
১৮৭১ সালে বানিবহের জমিদার অভয় শংকর মজুমদার ও গিরিজা শংকর মজুমদার এই ভবনটি স্থাপন করেন। ১৮৯২ সাল থেকে ‘দি গোয়ালন্দ হাই ইংলিশ স্কুল’ নামের এ ভবনে শিক্ষা কার্যক্রম শুরু হয়। ১৯৮৪ সালে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করার পর থেকে শ্রেণী কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এর পর থেকেই জেলার প্রাচীনতম ভবনটি রক্ষায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।