অবশেষে সেই যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজ সংগঠনের দুই নেতাকে হত্যার পর লাশ গুম করার অভিযোগে টাঙ্গাইলের যুবলীগের নেতা আতিকুল ইসলাম ওরফে মোর্শেদের বিরুদ্ধে অবশেষে থানায় মামলা হয়েছে। তিনি জেলা যুবলীগের সদস্য।

এর আগে ২০০৪ সালে জেলা ছাত্রদলের নেতা রেজাউল করিম হত্যা মামলার প্রধান আসামি ছিলেন আতিকুল। ওই হত্যাকাণ্ডের পর তিনি সৌদি আরবে চলে যান। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তিনি দেশে ফিরে আসেন। চলতি বছরের গত ২২ মে রাজনৈতিক বিবেচনায় মামলাটি প্রত্যাহার করে নেওয়া হয়। এর এক মাস পরই শহরের বেতকা এলাকায় দেলোয়ার হোসেন নামে এক যুবককে হত্যার সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ উঠে।

গত বছরের ১৬ জুলাই টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. শামীম ও সাংগঠনিক সম্পাদক মামুন মিয়া নিখোঁজ হন। ওই ঘটনায় আতিকুলের বিরুদ্ধে হত্যা ও লাশ গুমের অভিযোগ এনে গত ৯ জুলাই টাঙ্গাইল অতিরিক্ত বিচারিক হাকিম আদালতে মামলা করেন মামুনের বাবা সদর উপজেলার পিচুরিয়া গ্রামের আবদুল আজিজ। আদালত তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নিতে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। তদন্ত শেষে গত শনিবার পুলিশ মামলাটি তালিকাভুক্ত করেছে।

মামলায় মোর্শেদ ছাড়াও তাঁর সহযোগী স্বপন, সবুজ, জাহিদ, রনি খান, সাদ্দাম, বিদ্যুৎ, আবির, আল আমিন, সনেট, জনি, ঝন্টু বাবু ও রাসেলকে আসামি করা হয়েছে।

মামলার বাদী আবদুল আজিজ জানান, ঘটনার পর তাঁরা মামলা করার চেষ্টা করেছিলেন। কিন্তু আতিকুলের হুমকির কারণে তখন মামলা করতে পারেননি। তিনি সম্প্রতি এলাকা ছাড়ায় মামলা করার সাহস পেয়েছেন।

মামলার আরজিতে অভিযোগ করা হয়, গত বছরের ১৬ জুলাই সকালে আতিকুল ফোন করে মামুন ও শামীমকে দেখা করতে বলেন। এর পরই তাঁরা দুজন তাঁর সঙ্গে দেখা করতে যান। এর পর থেকে তাঁদের আর খোঁজ পাওয়া যায়নি। পরদিন ১৭ জুলাই শামীমের মা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে মামুন ও শামীমের পরিবারের লোকজন কয়েক দিন খোঁজখবর নিয়ে জানতে পারেন, আতিকুল তাঁর বাহিনীর লোকদের নিয়ে ওদের দুজনকে হত্যা করে লাশ গুম করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আতিকুলের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় তিনটি হত্যাসহ অন্তত ১০টি মামলা রয়েছে। ছাত্রদল নেতা রেজাউল হত্যা মামলা প্রত্যাহারের ঠিক এক মাসের মাথায় গত ২৩ জুন শহরের বিশ্বাস বেতকা এলাকায় দেলোয়ার হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আতিকুল। ওই মামলার পর থেকে আতিকুল গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।

মামলার তদন্ত কর্মকর্তা টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. সালাহউদ্দিন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ২০১২ সালের ফেব্রুয়ারিতে শহরের আমিনবাজার এলাকায় সন্ত্রাসী মামুন খুন হন। আতিকুলের সঙ্গে ওই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন গুম হওয়া যুবলীগের নেতা শামীম ও মামুন। ওই ঘটনায় আতিকুল প্রতিশ্রুতি অনুযায়ী শামীম ও মামুনকে টাকা না দেওয়ায় তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে শামীম ও মামুনকে গুম করা হয়ে থাকতে পারে।