অবশেষে রাজবাড়ী ভূমি জরিপ ট্রাইব্যুনালের রায় জেলা প্রশাসন কার্যকর করেছে। গতকাল সোমবার রায় কার্যকরের পর এ-সংক্রান্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে।
রাজবাড়ীর পাংশা উপজেলার মৈশালা গ্রামের পরিতোষ কুমার পাল ২০ শতক জমি কিনে বসতঘর করেন। কিন্তু বাংলাদেশ জরিপে (বিএস) ভুলবশত জমিটি নিমাই শর্মা, প্রভাষ শর্মা ও সুবাস শর্মা এই তিন ব্যক্তির নামে রেকর্ড হয়। রেকর্ড সংশোধন করতে পরিতোষ পাল ২০১৪ সালের ৭ জানুয়ারি রাজবাড়ীর ভূমি জরিপ ট্রাইব্যুনালে মামলা করেন।
পরের বছরের ১৩ অক্টোবর তিনি একতরফা রায় পান। ডিক্রিমূলে বিএস খতিয়ান সংশোধন না করায় মামলার রায় ঘোষণার ৪৪ দিন অপেক্ষার পরও কার্যকর না হওয়ায় পরিতোষ পাল জেলা প্রশাসকের কাছে এ সমস্যা সমাধানে আবেদন করেন।
এরপরও রায় বাস্তবায়ন না হওয়ায় তিনি অনেকটা হতাশ হয়ে পড়েন। বাদীপক্ষের আইনজীবী নারায়ণ চন্দ্র দত্ত চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে জেলা প্রশাসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। ট্রাইব্যুনালের বিচারক মো. মেহেদী হাসান তালুকদার নথি তলবের মাধ্যমে জেলা প্রশাসককে ২৬ ফেব্রুয়ারি লিখিত প্রতিবেদন দিতে বলেন।
এই পরিপ্রেক্ষিতে ‘রাজবাড়ীর ভূমি জরিপ ট্রাইব্যুনাল/রায় হয়, কার্যকর হয় না, জেলা প্রশাসন দায়ী?’ শিরোনামে ১১ মার্চ প্রথম আলোর শেষে পাতায় প্রতিবেদন প্রকাশিত হয়।
১৩ মার্চ প্রথম আলোয় ‘ভূমি জরিপ ট্রাইব্যুনালের রায় ও আপিল’ শীর্ষক সম্পাদকীয় প্রকাশিত হয়। এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনার সৃষ্টি হয়।
গতকাল জানতে চাইলে বাদীপক্ষের আইনজীবী নারায়ণ চন্দ্র দত্ত প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসক ২৬ ফেব্রুয়ারি বিষয়টির লিখিত জবাব দেন।
এতে তিনি উল্লেখ করেন, রায় বাস্তবায়নের জন্য তিনি পাংশার সহকারী কমিশনারকে (ভূমি) তাগিদ দিয়েছেন। পরে ট্রাইব্যুনালের বিচারক যুগ্ম জেলা জজ মো. মেহেদী হাসান তালুকদার ২৭ মার্চের মধ্যে বিএস খতিয়ান সংশোধন করে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এ পরিপ্রেক্ষিতে গতকাল ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী নামপত্তন করে খাজনা নিয়ে রায় বাস্তবায়ন করা হয়। পরে জেলা প্রশাসক এ-সংক্রান্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করেন। এ সময় সরকারপক্ষের সরকারি কৌঁসুলি আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
আনোয়ার হোসেন বলেন, পরিতোষ পালের অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে রায় বাস্তবায়ন করে ট্রাইব্যুনালকে জানানো হয়েছে।
মামলার বাদী পরিতোষ কুমার পাল বলেন, প্রথম আলো বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় সহজেই তাঁর রায় বাস্তবায়ন হয়েছে। এ জন্য তিনি প্রথম আলোর কাছে কৃতজ্ঞ।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রেবেকা খান বলেন, রেকর্ড সংশোধন করতে নির্ধারিত ফরমে ভোটার পরিচয়পত্রের ফটোকপি, আলাদা ছবিসহ আবেদন করতে হয়। তা না করে এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ায় রায় বাস্তবায়ন করা সম্ভব হচ্ছিল না। এখন নিয়মমাফিক যথাযথভাবে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ায় তা কার্যকর হয়েছে। প্রতিবেদনও জমা দেওয়া হয়েছে।