অবশেষে সেই শিক্ষা কর্মকর্তার বদলি
দিনাজপুরের বিরামপুর উপজেলার সেই প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে গত সোমবার অবশেষে বদলি করা হয়েছে। ১৬ জুন সদরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়াকে শ্লীলতাহানির অভিযোগে তিন হাজার টাকা জরিমানা ও সাত দিনের মধ্যে অন্যত্র চলে যাওয়ার মুচলেকা দিয়ে ওই কর্মকর্তা ছাড়া পেয়েছিলেন।
ওই ঘটনায় গত শনিবার ‘কর্মকর্তার বিরুদ্ধে আয়াকে শ্লীলতাহানির অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রথম আলোর বিশাল বাংলায় প্রকাশিত হয়। ওই ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানতে পেরে, তাঁকে গত সোমবার রংপুরের পীরগঞ্জ উপজেলায় বদলি করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষা কার্যালয়ের কর্মরত কয়েকজন ব্যক্তি অভিযোগ করে বলেন, কিছুদিন আগে খানপুর ইউনিয়নের এক শিক্ষিকার বাড়িতে গিয়ে তাঁর স্বামী না থাকার ওই শিক্ষিকাকে যৌন হয়রানি করার চেষ্টা করেন ওই কর্মকর্তা। পরে তিনি সেখান থেকে লাঞ্ছিত হয়ে চলে আসেন।
ওই কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরে প্রথম আলোর প্রতিনিধির পরিচয় পাওয়ার পর সংযোগ কেটে দেন।