অবশেষে সেই সম্পত্তি ৫৪ লাখ টাকায় বিক্রি
নীলফামারীতে প্রায় তিন কোটি টাকা মূল্যের সেই সম্পত্তি অবশেষে মাত্র ৫৪ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। সূত্রে জানা গেছে, ওই নিলামে সাত ব্যক্তি অংশ নেন। এঁদের মধ্যে নীলফামারী শহরের বিশ্বজিৎ ভৌমিক এক কোটি এক লাখ চার হাজার টাকা দর দাখিল করেন। কিন্তু তাঁর দরপত্রে ত্রুটি থাকার কারণে কর্তৃপক্ষ সেটি বাতিল করে। পরে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা হিসেবে গতকাল মঙ্গলবার আহম্মেদ নামের এক ব্যক্তিকে নির্বাচিত করা হয়। তিনি ৫৪ লাখ টাকা দর প্রস্তাব করেন। সর্বোচ্চ দরদাতা বিশ্বজিৎ ভৌমিকের প্রতিনিধি বিধু ভূষণ রায় জানান, দরদাতাদের উপস্থিতিতে দরপত্র খোলার নিয়ম থাকলেও সেটি করা হয়নি। নীলফামারী বাজার মৌজার মেসার্স মরিয়ম চালকলের বিপরীতে মাসুদ নামের এক ব্যক্তি তাঁর ওই সম্পত্তির ওপর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক থেকে ঋণ নেন। অপরদিকে সরকারের খাদ্য বিভাগের পক্ষ থেকে ক্ষতিপূরণের অর্থ আদায়ের জন্য ওই ব্যক্তির বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা করা হয়। ওই মামলা দায়েরের আগেই অবাঙালি ওই ব্যক্তি সপরিবারে পাকিস্তানে চলে যান। নীলফামারী অর্থঋণ আদালত গত ১১ এপ্রিল ওই মামলার রায় দেন। রায়ে ওই সম্পত্তি নিলামে বিক্রি করে খাদ্য বিভাগের পাওনা সাত লাখ ৫৮ হাজার ৩৭৬ টাকা ৮৭ পয়সা ও রাকাবের ঋণের আসল, সুদ ও খরচের টাকা বাবদ ৪৮ লাখ টাকা পরিশোধের আদেশ দেওয়া হয়। রায় অনুযায়ী, আদালত ১৬ এপ্রিল ওই নিলাম বিজ্ঞপ্তিটি একটি পত্রিকায় প্রকাশ করেন। বিজ্ঞপ্তিতে মাত্র দুই দিনের মধ্যে অর্থাৎ গত সোমবার ১৮ এপ্রিল দুপুরের মধ্যে দরপত্র জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু নিয়ম অনুযায়ী, এ ধরনের নিলামের অন্তত এক মাস আগে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হয়। ‘নীলফামারীতে নিলাম-প্রক্রিয়া নিয়ে অনিয়ম, তিন কোটি টাকার সম্পত্তি নামমাত্র মূল্যে বিক্রির পাঁয়তারার অভিযোগ’ শিরোনামে গতকাল প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হয়।