অবশেষে সেই সড়কে উন্নয়নকাজ শুরু
পূর্বনির্ধারিত সময় শেষ হওয়ার প্রায় দুই মাস পর সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সেই সড়কে উন্নয়নকাজ শুরু হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সুনামগঞ্জ কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নওধার গ্রামের মাদ্রাসার সামনের সড়ক থেকে চকিয়াচাপুর হয়ে বালিজুড়ী গ্রামের সামনে পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য প্রায় চার কিলোমিটার। বর্ষায় সড়কটি পানিতে তলিয়ে যায়। মাটি ভরাটসহ আড়াই কিলোমিটার সড়ক উন্নয়নকাজের জন্য গত বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে দরপত্র আহ্বান করা হয়। ১ কোটি ৭৫ লাখ ৯ হাজার ১৯ টাকা ব্যয়ে কাজটি পায় বাছেদ প্রকৌশলী নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই বছরের ৩ মার্চ কাজ শুরুর জন্য ঠিকাদার আবদুল্লাহ আল বাছেদকে কার্যাদেশ দেওয়া হয়। ওই বছরের ১৭ ডিসেম্বর সড়ক উন্নয়নকাজ সম্পন্ন হওয়ার কথা ছিল।
সড়কটির উন্নয়নকাজ না করায় আশপাশের গ্রামের বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হয়। এ ঘটনায় ৬ ফেব্রুয়ারি ‘ঠিকাদারের গাফিলতিতে ধুঁকছে ৪০ হাজার মানুষ’ শিরোনামে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর সংশ্লিষ্ট কাজের ঠিকাদার ১২ ফেব্রুয়ারি থেকে এই সড়কের উন্নয়নকাজ শুরু করেন।