অবশেষে সেতুটি ধসেই পড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল পয়সারহাট-ভায়া আগৈলঝাড়া সড়কের আগৈলঝাড়া উপজেলার জোবারপাড়ের সেতুটি অবশেষে গত ১৩ মার্চ ধসে পড়েছে।গত বছরের ২৩ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘আগৈলঝাড়ায় ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলছে যান’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। তারপর এক বছর অতিবাহিত হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় ধসে পড়ে সেতুটি।এলাকাবাসী জানান, ১৩ মার্চ রাত ১১টার দিকে হঠাৎ বিকট শব্দ হয়। এ সময় তাঁরা এগিয়ে গিয়ে দেখতে পান, সেতুটির মাঝের দুটি স্প্যান ধসে পড়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তাঁরা আরও জানান, গত এক বছরেরও বেশি সময় ধরে সেতুর ওপর দিয়ে গৌরনদী-পয়সারহাট, আগৈলঝাড়া-পয়সারহাট সড়কের অসংখ্য যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করেছে। কিন্তু কর্তৃপক্ষকে বিষয়টি বলা সত্ত্বেও তারা ব্যবস্থা নেয়নি। বাকাল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য অমল জয়ধর বলেন, ‘ব্রিজের ঝুঁকিপূর্ণ অবস্থার কথা ইঞ্জিনিয়ারকে জানানো হয়েছিল, কিন্তু তাঁরা কোনো গুরুত্ব দেননি। চেয়ারম্যান বিপুল দাস জানান, একাধিকবার বিষয়টি উপজেলা প্রকৌশলী ও উপজেলা চেয়ারম্যানকে জানানো হয়েছে। তাঁরা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। যে কারণে শেষ পর্যন্ত সেতুটি ধসেই গেল।বরিশাল জেলা পরিষদের প্রকৌশলী মনিরুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবহিত ছিলাম না। তবে ভেঙে যাওয়ার পরে শুনেছি।’ আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান বলেন, ‘আমরা বারবার অনুরোধ করা সত্ত্বেও সংশ্লিষ্টরা ব্যবস্থা না নেওয়ায় শেষ পর্যন্ত সেতুটি ভেঙে গেল। কর্তৃপক্ষের গাফিলতি ছিল। অথচ বিষয়টি গুরুত্ব দিয়ে অল্প কিছু অর্থ ব্যয় করা হলে সেতুটি রক্ষা করা যেত।’