অবশেষে সেতুটি হচ্ছে!
অবশেষে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিনটি গ্রামের বাসিন্দাদের তুলসীগঙ্গা নদী পারাপারের কষ্ট লাঘব হতে যাচ্ছে। তুলসীগঙ্গা নদীর সোনামুখী খেয়াঘাটে একটি সেতু নির্মাণ করা হচ্ছে। স্থানীয় সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ গতকাল শুক্রবার বিকেলে সেতুটির নির্মাণকাজের উদ্বোধন করেছেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়ন করছে।
একটি সেতুর অভাবে রোয়াইড, রাজকান্দা ও আওয়ালগাড়ী—এই তিনটি গ্রামের বাসিন্দারা নদী পারাপার নিয়ে দুর্ভোগের শিকার হচ্ছিল। বিষয়টি নিয়ে ২০০৮ সালের ১৩ আগস্ট প্রথম আলোয় ‘আক্কেলপুরে তুলসীগঙ্গা নদীতে সেতু না থাকায় তিন গ্রামের বাসিন্দাদের দুর্ভোগ’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। তখন এলজিইডি তুলসীগঙ্গা নদীর সোনামুখীতে লেঙ্গর পীরের মাজারের সামনে একটি সেতু নির্মাণের উদ্যোগ নেয়। কিন্তু তারপর দীর্ঘদিন পেরিয়ে গেলেও সেতুটি আর নির্মাণ করা হয়নি। শেষ পর্যন্ত চলতি অর্থবছর স্থানীয় প্রকৌশল অধিদপ্তর সেতুটি নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে। মণ্ডল কনস্ট্রাকশন নামে নওগাঁর একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়।
উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, সেতুটি নির্মাণকাজে ৩ কোটি ২২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ৬৯ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণকাজ সম্পন্ন হলে উপজেলার তিন গ্রামের বাসিন্দাদের নদী পারাপারের কষ্ট লাঘব হবে।