অবশেষে সেন্ট মার্টিনে সতর্কীকরণ সাইন বোর্ড

অবশেষে কক্সবাজারের সেন্ট মার্টিনে জেটি ঘাটের উত্তর-পূর্ব সৈকতের প্রিন্স হ্যাভেন পয়েন্টে দুটি ছোট আকারের সতর্কীকরণ সাইন বোর্ড টাঙানো হয়েছে।
গত সোমবার সন্ধ্যায় সাইন বোর্ড দুটি টাঙানো হয়। ১৪ এপ্রিল সাগরের এই পয়েন্টে গোসল করতে নেমে আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের ছয়জন ছাত্র মারা যান। এর আগে দ্বীপের এই পয়েন্টে ১৪ জন নিহত হন।
১৭ এপ্রিল কক্সবাজার জেলা বিচ ম্যানেজমেন্ট কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই সতর্কতামূলক সাইন বোর্ড দেওয়ার জন্য। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন প্রথম আলোকে জানান, দ্বীপে সাইন বোর্ড লেখার জন্য পেশাদার কোনো শিল্পী না থাকায় স্থানীয় একজন শিক্ষিত যুবককে দিয়ে দুটি ছোট্ট টিনে রং দিয়ে সাইন বোর্ড লেখা হয়েছে। আপাতত সেটি বিপজ্জনক পয়েন্টে লাগানো হয়েছে। পরে বড় সাইন বোর্ড এনে টাঙানো হবে।
বর্তমানে দ্বীপে চারজন বিচ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের একজন জয়নাল আবেদীন জানান, তাঁরা চারটি বিপজ্জনক পয়েন্টে সকাল আটটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত পর্যটকদের জোয়ার-ভাটা অনুসরণ করে সৈকতে গোসলে নামতে নির্দেশনা দিচ্ছেন।
১৪ এপ্রিল প্রিন্স হ্যাভেন পয়েন্টে গোসলে নামা আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র সাগরে ভেসে যান। ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মানফেজুল ইসলাম ইভান ও সাদ্দাম হোসেন অঙ্কুর মারা যান। পরে শাহরিয়ার ইসলাম নোমান ও গোলাম রহিম বাপ্পীর লাশ সাগরে ভেসে ওঠে। সাব্বির হাসান ও ইশতিয়াক বিন মাহমুদ উদয়ের এখনো কোনো খোঁজ মেলেনি।