অবশেষে সোনারগাঁ স্টেডিয়ামের জায়গা দখলমুক্ত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির পাঁচ বছর পর অবশেষে সোনারগাঁ স্টেডিয়ামের জায়গা দখলমুক্ত করে গতকাল বৃহস্পতিবার মাটি ভরাটের কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী ২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১২০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্লান্টের উদ্বোধনী অনুষ্ঠানে সোনারগাঁ পৌরসভার ৩ দশমিক ৫৯ একর সরকারি অর্পিত সম্পত্তি ও দশমিক ২০ একর ব্যক্তিমালিকানাধীন সম্পত্তিকে সোনারগাঁ স্টেডিয়ামের জন্য নির্ধারিত করে সেখানে স্টেডিয়াম করার জন্য ক্রীড়া মন্ত্রণালয়কে নির্দেশ দেন।
২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি ক্রীড়া মন্ত্রণালয় সোনারগাঁ স্টেডিয়াম নির্মাণের জন্য ৩৩ কোটি ৬৮ লাখ টাকা বরাদ্দ করে। কিন্তু প্রশাসনিক জটিলতার কারণে বরাদ্দ দেওয়া টাকার কোনো উন্নয়নকাজ শুরু হয়নি। এরই মধ্যে এএনপি নামের একটি ব্যাটারি কোম্পািন স্টেডিয়ামের জন্য নির্ধারিত সরকারি জায়গা দখল করে সেখানে ভবন নির্মাণ করে। এ নিয়ে গত বছরের ২২ অক্টোবর প্রথম আলোতে সংবাদ প্রকাশিত হয়।
অবশেষে গতকাল স্টেডিয়ামের জন্য নির্ধারিত নিচু জায়গা বালু ভরাট করার জন্য কাজ শুরু করে উপজেলা প্রশাসন। মাটি ভরাটকাজের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনও আবু নাছের ভূঞা, পৌর মেয়র সাদেকুর রহমান প্রমুখ।