অবশেষে সৌদিতে ইকামা পরিবর্তনের সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকার পর অবশেষে ইকামা (ভিসা ঠিক রেখে নিয়োগকর্তা পরিবর্তন) পরিবর্তনের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা। একই সঙ্গে যাঁরা পেশা পরিবর্তন করতে চান, তাঁরাও সেই সুযোগ পাবেন। ১৬ ফেব্রুয়ারি রোববার থেকে এই নিয়ম কার্যকর হবে। এর ফলে সৌদিপ্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের একটি সমস্যার সমাধান হলো।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, সৌদিপ্রবাসী বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে এই সুযোগের অপেক্ষায় ছিলেন। অবশেষে সৌদি সরকার সেই সুযোগ দেওয়ায় অনেক বাংলাদেশি এখন ভালো কাজের সুযোগ পাবেন।
প্রবাসীরা জানিয়েছেন, পাঁচ বছর ধরে ইকামা পরিবর্তন ও পেশা পরিবর্তনের সুযোগ না পাওয়ায় দেশটিতে বসবাসরত বাংলাদেশি শ্রমিকেরা নানা অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন। সমস্যা আরও বাড়ে ২০১০ সালে সৌদি সরকারের ‘সৌদিয়ান’ কর্মসূচির ফলে। ওই নিয়মে প্রতি কারখানায় ২০ শতাংশ সৌদি নাগরিক থাকা বাধ্যতামূলক করা হয়। অন্যথায় ওই প্রতিষ্ঠানটিকে রেড ক্যাটাগরিতে ফেলার ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশি শ্রমিকেরা বেশির ভাগই রেড ক্যাটাগরির প্রতিষ্ঠানে কর্মরত থাকায় তাঁরা ইকামা নবায়ন করতে পারছিলেন না। ফলে তাঁরা দিন দিন অধিক হারে অবৈধদের তালিকায় পড়ে যাচ্ছিলেন।
সমস্যা সমাধানে বাংলাদেশের সবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন আওয়ামী লীগ সরকারের গত মেয়াদে কয়েকবার সৌদি আরবে যান। সে সময় সৌদি সরকারের পক্ষ থেকে শিগগিরই সমস্যা সমাধানে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল। সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিও একবার ঘোষণা দেন, সৌদি সরকার ইকামা পরিবর্তনের সুযোগ দিচ্ছে। তবে এর মধ্যে অবৈধদের বৈধকরণ কার্যক্রম শুরু হয়। ফলে খুব বেশি বাংলাদেশি সে সুযোগ পাননি। এবার বৈধকরণ কর্মসূচি শেষে সৌদি সরকার ‘ইকামা’ ও পেশা পরিবর্তনের ঘোষণা দেওয়ায় বাংলাদেশিরা অনেক খুশি।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরব বাংলাদেশিদের অন্যতম শ্রমবাজার। একসময় দেশটিতে প্রতিবছর এক লাখ করে কর্মী যেতেন। কিন্তু ২০০৯ সাল থেকে সৌদিতে বাংলাদেশিদের কাজের অনুমতিপত্র পরিবর্তনের সুযোগ বন্ধ থাকায় জনশক্তি রপ্তানিও প্রায় বন্ধ রয়েছে। গত পাঁচ বছরে মাত্র ৪১ হাজার কর্মী গেছেন দেশটিতে।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক বেগম শামছুন নাহার প্রথম আলোকে বলেন, গত বছর সৌদি সরকার অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছিল। এর ফলে আট লাখ বাংলাদেশি বৈধ হওয়ার সুযোগ পান। এখন ইকামা ও পেশা পরিবর্তনের সুযোগ দেওয়ায় আরও কয়েক লাখ বাংলাদেশি সুবিধা পাবেন। এ ছাড়া এর ফলে নতুন করে দেশটিতে শ্রমবাজার চালু হওয়ার পথে আরেক ধাপ অগ্রগতি হলো।
২০১২ সালের ২৯ আগস্ট প্রকাশিত সৌদি সরকারের এক পরিসংখ্যান অনুযায়ী, সৌদি আরবে সবচেয়ে বেশি ভারতের শ্রমিক কাজ করেন। তাঁদের সংখ্যা ২০ লাখ। আর দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। সরকারি হিসাবে এই সংখ্যা ১৫ লাখের ওপরে।