অবশেষে স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ এলাকাবাসীর
অবশেষে দূর হচ্ছে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের পাশের প্রায় ১০টি গ্রামের উচ্চবিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সমস্যা। প্রথম আলোয় ৭ আগস্ট ‘একটি স্কুলের জন্য এত কষ্ট!’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হওয়ার পর এলাকাবাসী নয়মাইল এলাকায় একটি উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। স্কুল প্রতিষ্ঠার লক্ষ্যে ১২ আগস্ট নয়মাইল ত্রিপুরা গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রামবাসী সভা আয়োজন করেন। এতে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের পাশের কয়েকটি গ্রামের লোকজন উপস্থিত ছিলেন। কিরণ চন্দ্র কার্বারীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন রণজি ৎ নারায়ণ ত্রিপুরা, দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব ত্রিপুরা, মেরুং ইউপির সদস্য হিরণ্ময় ত্রিপুরা হতেন, দীপঙ্কর ত্রিপুরা প্রমুখ।প্রধান শিক্ষক রাজীব ত্রিপুরা বলেন, ‘বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জায়গা কিনে আগামী জানুয়ারি থেকে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করতে পারব বলে আশা করছি। এ ছাড়া বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রথম আলোর স্থানীয় প্রতিনিধির মাধ্যমে লন্ডন প্রবাসী এক ব্যক্তি ও সাভারের একজন ব্যবসায়ী আর্থিক সাহায্য দেওয়ার আশ্বাস দিয়েছেন।’ সভায় স্কুল প্রতিষ্ঠায় নয়মাইল ত্রিপুরা গুচ্ছগ্রামের প্রধান (কার্বারী) হিরণ্ময় ত্রিপুরাকে সভাপতি, সূর্য ত্রিপুরাকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।