অবশেষে স্কুলটির নির্মাণ শুরু হচ্ছে, কিন্তু নাম টিকল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কুন্দাঘাটা গ্রামে অবশেষে স্কুলটির নির্মাণকাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু স্কুলটির জমিদাতারা পরিপত্রের সব শর্ত মানলেও তাঁদের দাবি অনুযায়ী এর নামকরণ হয়নি। এতে জমিদাতা ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।প্রথম আলোয় ‘আ.লীগ নেতার অভিযোগে বিদ্যালয়ের নির্মাণকাজ বন্ধ’ শিরোনামে গত ১৪ জুন একটি খবর প্রকাশিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি সরকার দেশে বিদ্যালয়বিহীন গ্রামগুলোতে দেড় হাজার প্রাথমিক বিদ্যালয় স্থাপনের একটি প্রকল্প চালু করে। প্রকল্পের আওতায় কুন্দাঘাটা গ্রামেও একটি স্কুল প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। শুরু হয় এর নির্মাণকাজ।তবে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার অভিযোগে সেই কাজ বন্ধ হয়ে যায়। তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং ওই প্রতিবেদন প্রকাশের পর শিক্ষা মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। পরে কমিটি ওই নেতার অভিযোগ মিথ্যা উল্লেখ করে বিদ্যালয়ের নির্মাণকাজ শুরুর পক্ষে প্রতিবেদন জমা দেয়। ৮ নভেম্বের এই কাজ শুরু হতে পারে।প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে গত ১৭ অক্টোবর বিদ্যালয়টির নির্মাণকাজ আবার শুরুর নির্দেশ দেওয়া হয়। পত্রে জমিদাতাদের প্রস্তাবিত নাম ‘হেলেনা জব্বার কুন্দাঘাটা প্রাথমিক বিদ্যালয়’-এর পরিবর্তে ‘কুন্দাঘাটা প্রাথমিক বিদ্যালয়’ নামকরণের নির্দেশ দেওয়া হয়েছে।শিক্ষা মন্ত্রণালয় প্রকল্পটি বাস্তবায়নে ২০১১ সালের ২ নভেম্বর পরিপত্র জারি করে। পরিপত্রে উল্লেখ রয়েছে, ‘জমিদানকারী ব্যক্তির প্রস্তাবিত নামে স্কুলের নাম রাখা যাবে।’ কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অজ্ঞাত কারণে জমিদাতাদের প্রস্তাবিত নামটি রাখল না।বোয়ালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আ ন ম ইব্রাহীম বলেন, গ্রামবাসীর সঙ্গে বৈঠক করে বিদ্যালয়টির নাম রাখা হয়েছিল। কিন্তু কয়েক ব্যক্তি বিদ্যালয়টির নির্মাণকাজ শুরুর পর থেকেই ষড়যন্ত্র করে আসছেন।প্রকল্প পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, ‘জমিদাতারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে নাম পরিবর্তন করে বিদ্যালয়টির নির্মাণকাজ শুরুর আবেদন করেন, যার কারণে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিপত্রের বাইরে কোনো কিছু করা হয়নি।’