অবশেষে স্কুলে যাচ্ছে সুখী
অবশেষে গতকাল বৃহস্পতিবার থেকে আবার স্কুলে যাচ্ছে সুখী। বাবা শাহজামাল গাজীকে ডেকে নিয়ে হত্যা করার পর মামলা হলে খুনিদের হুমকিতে স্কুলে যাওয়াও বন্ধ হয়ে যায় সুখীর।
১৩ নভেম্বর প্রথম আলোতে ‘সমাপনী পরীক্ষা দিতে চায় বাবা হারানো সুখী’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হলে পটুয়াখালীর জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী সুখী যাতে আবার স্কুলে যেতে পারে ও সমাপনী পরীক্ষায় অংশ নিতে পারে, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেন। ফলে সুখী আবার স্কুলে যেতে শুরু করেছে।
পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নের মধ্য তিতকাটা গ্রাম। সুখী এলাকার তিতকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ছে। তার রোল নম্বর ৬।
সুখীর ফুফু তাসলিমা বেগম জানান, তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সুখী তৃতীয়। বড় দুই বোনের বিয়ে হয়ে গেছে। সুখী ও শারীরিক প্রতিবন্ধী ছোট দুই ভাই, বাবা শাহজামাল গাজী ও মা ফাহিমা আক্তার—এই তাদের সংসার।
সংসারের সচ্ছলতা আনতে এক বছর আগে গৃহপরিচারিকার কাজ নিয়ে মা ফাহিমা আক্তার দুবাই যান। ফুফু তাসলিমা বেগম তাঁর স্বামী মারা যাওয়ার পর ভাইয়ের বাড়িতে থেকে তাঁর সন্তানদের দেখাশোনা করছেন। এরই মধ্যে গত ২২ অক্টোবর রাতে সুখীর বাবা শাহজামাল গাজীর মৃতদেহ ওই এলাকার একটি মাছের ঘেরের পাশ থেকে উদ্ধার করা হয়।
এর আগের দিন রাতে মুঠোফোনে শাহজামাল গাজীকে ডেকে নেওয়ার পর তিনি নিখোঁজ হন। এ ঘটনায় তাসলিমা বেগম বাদী হয়ে ২৩ অক্টোবর সদর থানায় একটি মামলা করেন। ওই মামলায় মুঠোফোনে ডেকে নেওয়া এলাকার আনোয়ার খন্দকারকে আসামি করা হয়েছে।
এদিকে বাবাকে হত্যার দুই দিন পর স্কুলে যাওয়ার পথে সুখীকে আসামিপক্ষের লোকজন হুমকি দেওয়ায় সুখীর স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়।
গতকাল জেলা প্রশাসকের নির্দেশে পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লতিফা জান্নাতী সুখীর বাড়িতে গিয়ে তাকে নিয়ে স্কুলে যান। এ সময় সুখীর বাবার হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
সুখী স্কুলে যেতে পেরে খুব খুশি। সে বলে, দীর্ঘদিন পর স্কুলে এসে সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ায় তার খুব আনন্দ লাগছে। তাকে নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ করায় গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সে।
পটুয়াখালী সদর থানার এসআই মেহেদী হাসান বলেন, সুখীর বাবা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি বিষয়টি তদন্ত শুরু করেছেন। খুব দ্রুত হত্যাকারীসহ যারা সুখীকে হুমকি-ধমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া সুখী যাতে নির্বিঘ্নে স্কুলে আসা-যাওয়া করতে পারে, এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।
জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী বলেন, ‘বিষয়টি জানার পর তাৎক্ষণিক ইউএনওকে ঘটনাস্থলে পাঠিয়েছি এবং তিনি ওই ছাত্রীকে নিয়ে গতকাল স্কুলে যান। স্থানীয় প্রশাসন ও এলাকার লোকজনের সঙ্গেও কথা বলেছেন তিনি। তাঁরা সুখীর স্কুলে আসা-যাওয়ায় যাতে কোনো ধরনের সমস্যা না হয়, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’