অবশেষে স্কুলের প্রবেশপথ খুলে দিলেন আ.লীগ নেতা
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর বিছনদই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বন্ধ করে দেওয়া একমাত্র প্রবেশপথটি অবশেষে খুলে দেওয়া হয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ডাউয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান গতকাল রোববার দুপুরে নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে প্রবেশপথ খুলে দিয়েছেন।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের প্রবেশপথ থেকে বাঁশের বেড়া সরিয়ে ফেলা হয়েছে। শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে বসে পড়াশোনা করছে।
সহকারী শিক্ষক হুমায়ুন কবির জানান, গতকাল সকালেও প্রবেশপথটি বন্ধ থাকায় ছাত্রছাত্রীদের নিয়ে সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাস্তায় পাঠদান করাতে হয়েছে। পরে দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের নেতা আসাদুজ্জামানসহ তাঁর লোকজন এসে প্রবেশপথের বেড়াটি সরিয়ে দেন।
আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান বলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বদিউজ্জামানের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বন্ধ পথটি খুলে দেওয়া হয়েছে। তবে ওই পথের একটি অংশ তাঁর পৈতৃক সম্পত্তি বলে দাবি করেন তিনি। তিনি আরও বলেন, ‘আমার দাদা স্কুলের জমিদাতা। তাই নৈশপ্রহরী পদে আমার চাচাতো ভাই মাহফুজ্জামানকে নিয়োগ দেওয়ার দাবি জানাই।’
এদিকে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি আবুল কাশেম জানান, বিদ্যালয়টি ১৯৬৮ সালে প্রতিষ্ঠার সময় জমিদাতা সদস্যরা তাঁদের দুটি দাগে মোট ১০০ শতক বিদ্যালয়ের নামে সাফ কবলা করে দেন। ফলে ওই পথটি বিদ্যালয়ের নিজস্ব জমিতেই পড়েছে। একই ধরনের কথা বলেন বিদ্যালয়ের বর্তমান সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক আবদুল হামিদ। তাঁর ভাষ্যমতে, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আসাদুজ্জামান সম্পূর্ণ অযৌক্তিকভাবে রাস্তাটি পৈতৃক সম্পত্তি বলে দাবি করছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন জানান, বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই ওই পথটি ব্যবহূত হয়ে আসছে। কিন্তু হঠাৎ করে গত শনিবার রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়। পরে গতকাল আবার রাস্তাটি খুলে দেন। তবে হাতীবান্ধা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী শিক্ষা কর্মকর্তা এ কে এম তাজিবর রহমান বলেন, তিনি গতকাল দুপুরে বিদ্যালয়টি পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছেন।
এ নিয়ে গতকাল প্রথম আলোতে ‘স্কুলের প্রবেশপথ বন্ধ করলেন আ.লীগ নেতা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
সংশোধনী: গতকাল প্রকাশিত প্রতিবেদনে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক আবদুল হামিদের স্থলে ভুলবশত আবুল কাশেমের নাম লেখা হয়েছে। প্রথম পাতায় ছবির ক্যাপশনে পাটগ্রামের স্থলে হাতীবান্ধা পড়তে হবে।