অবশেষে স্বতন্ত্র প্রার্থী হলেন ভাগনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে জলঢাকা পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হলেন জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন ওরফে বাবলু। গতকাল বৃহস্পতিবার বেলা ২টা ৫০ মিনিটের দিকে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বরে সহস্রাধিক কর্মী-সমর্থক নিয়ে এসে তিনি উপজেলা রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান হাবিবের কাছে মনোনয়নপত্র জমা দেন।
নীলফামারী জেলার জলঢাকা পৌরসভা নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়নযুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন মামা ও ভাগনে। দুজনই দলের মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী থাকলেও গত বুধবার রাতে দলীয় মনোনয়ন পান মামা জলঢাকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবদুল ওয়াহেদ ওরফে বাহাদুর।
আর ভাগনে জাপা থেকে সদ্য আওয়ামী লীগে যোগদানকারী বর্তমান জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন দলীয় মনোনয়ন না পেয়ে হলেন স্বতন্ত্র প্রার্থী। গতকাল বেলা ২টা ৫০ মিনিটে সহস্রাধিক কর্মী-সমর্থক নিয়ে তিনি আসেন মনোনয়নপত্র জমা দিতে। রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়ে বের হন বেলা তিনটার দিকে। এ সময় ইলিয়াস হোসেন বলেন, ‘২০১১ সালে আমি ১৪-দলীয় জোটের প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হয়েছি। কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে আমি জাপা ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছিলাম। কথা ছিল আমাকে মনোনয়ন দেবে। পরে অপর মনোনয়নপ্রত্যাশীরা আমার মনোনয়ন ঠেকানোর জন্য সড়ক অবরোধ করেন। হয়তো এসব কারণে আমাকে প্রধানমন্ত্রী মনোনয়ন দেননি। আমি দলীয় সিদ্ধান্ত মেনে নিয়েছিলাম। গতকাল পর্যন্ত আমি বাড়ি থেকে বের হইনি। সন্ধ্যায় আমার কর্মী-সমর্থকেরা আমার বাড়ি ঘেরাও করে চাপ সৃষ্টি করেন। জনগণের চাপে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি।’
১৪-দলের প্রার্থী হিসেবে জলঢাকা পৌরসভার ২০১১ সালের ২৯ জুন অনুষ্ঠিত উপনির্বাচনে মেয়র নির্বাচিত হন জাতীয় পার্টির ইলিয়াস হোসেন। তিন শতাধিক নেতা-কর্মী নিয়ে তিনি গত ২৪ নভেম্বর রাতে জলঢাকা উপজেলা কৃষক লীগে যোগদান করেন।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইলিয়াস হোসেনের মামা আবদুল ওয়াহেদ বাহাদুর বলেন, ‘কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতেই পারেন। প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন, তাই আমি নির্বাচন করছি। জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। পারিবারিকভাবে আমার পরিবারের পক্ষ থেকে তাঁর সঙ্গে কথা বলেছে।’ ভাগনের করা অভিযোগের সত্যতা অস্বীকার করে তিনি বলেন, পরাজয়ের ভয়ে তিনি আগে থেকেই এসব কথা বলে বেড়াচ্ছেন।
এ বিষয়ে কথা বললে জলঢাকা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী শাহ মো. আবদুল কাদের ওরফে বুলু চৌধুরী বলেন, ‘ইলিয়াস হোসেন দল ত্যাগ না করলে তিনি জাপার প্রার্থী হিসেবে নির্বাচন করতেন, আমাকে বৃদ্ধ বয়সে এ হাল ধরতে হতো না। এখন তিনি লাঙ্গলও হারালেন, নৌকাও পেলেন না। তাঁর জন্য আমার দুঃখ হয়। তিনি বলেন, একজন সৈনিকের সততা-নিষ্ঠা রাষ্ট্রের পক্ষে প্রমাণিত হয় যুদ্ধের ময়দানে, আর একজন রাজনীতিকের দলের পরীক্ষা হয় নির্বাচনে।’