অবশেষে স্বামীর সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামীর খোঁজে শ্রীলঙ্কান নারী চান্দ্রালতা ওরফে ফাতেমা (৩৫) কুয়েত থেকে চাঁদপুরের হাজীগঞ্জে এসেছেন। অবশেষে তিনি তাঁর স্বামী ইকবাল হোসেনের সন্ধান পেয়েছেন। ইকবাল উপজেলার হরিপুর গ্রামের আলী আসাদের ছেলে। চান্দ্রালতা জানান, তাঁর বাবার নাম অক্কুয়াত। শ্রীলঙ্কার কুরনাগেলের রাসনায়েকপুর থানার মিল্লাঘাওয়াত্তা গ্রামে তাঁর বাড়ি। থানায় লিখিত অভিযোগে ওই নারী জানান, ১৯৯৯ সালে তিনি কুয়েতের আল সুয়েক এলাকার দাউরিয়া স্টেশনে (পুলিশ স্টেশনে) চাকরি নেন। এ সময় ইকবালের সঙ্গে তাঁর পরিচয় থেকে সখ্য গড়ে ওঠে। পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে ইকবালকে বিয়ে করেন। ২১ জুলাই ইকবাল তাঁকে না জানিয়ে তাঁর উপার্জিত টাকা-পয়সা নিয়ে দেশে চলে আসেন। তাঁর কাছে থাকা ইকবালের পাসপোর্টের পুরোনো কপির ঠিকানা অনুযায়ী গত শনিবার তিনি বাংলাদেশে আসেন। তাঁর এলাকার এক নারীর স্বামী মাসুদ হোসেনের বাড়ি শাহরাস্তি থানার রাড়া মৌলভীবাজার গ্রামে। তিনি বাংলাদেশে মাসুদের বাড়িতে ওঠেন। মাসুদ বলেন, ‘চান্দ্রালতা আমার এখানে আসার পর তাঁকে শ্রীলঙ্কার হাইকমিশনে নিয়ে যাই। হাইকমিশন থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিষয়টি জানানো হয়। গত রোববার চান্দ্রালতা মাসুদের সহায়তায় হাজীগঞ্জ থানায় এসে ইকবালের নামে লিখিত অভিযোগ দেন। পুলিশ রাতেই ইকবালকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গতকাল বিষয়টি সমাধানের জন্য থানায় উভয় পক্ষের বৈঠক হয়। এ সময় চান্দ্রালতার ভিসার মেয়াদ চিন্তা করে তাঁকে দুই মাস ইকবাল ভাড়া বাসায় রাখবেন বলে সিদ্ধান্ত হয়। ইকবালের আগের স্ত্রী গ্রামের বাড়িতে থাকেন। ভিসার মেয়াদ শেষ হলে ইকবাল চান্দ্রালতাকে নিয়ে কুয়েত ফিরে যাবেন। তবে ইকবাল দাবি করেন, চান্দ্রালতা তাঁকে দেশে আসতে দেন না। তাই তিনি তাঁকে না বলে দেশে এসেছেন। তিনি চান্দ্রালতার সঙ্গে কোনো প্রতারণা করেননি।হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবুল হোসেন জানান, উভয় পক্ষের শান্তির কথা চিন্তা করে তাঁরা এ সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের কোনো নড়চড় হলে ইকবালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।