অবশেষে স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামসুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মনজুরুল ইসলামের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে গতকাল মঙ্গলবার বিষয়টি জানানো হয়।
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসক নূর নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় শামসুরের কারাদণ্ড হলে বিএসআর পার্ট-১-এর ৫৩ নম্বর বিধি অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তাঁর বিরুদ্ধে দ্বিতীয় বিয়ে ও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ আছে।
শামসুর রহমানের প্রথম স্ত্রী বলেন, ২০০৬ সালের এপ্রিলে তাঁর সঙ্গে শামসুরের বিয়ে হয়। ২০১২ সালের ১২ আগস্ট দিনাজপুরের ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেওয়ার পর শামসুর তাঁকে সেখানে নিয়ে যাননি, এমনকি কোনো যোগাযোগও রাখেননি। এ বছরের জানুয়ারি মাসে শামসুর তাঁর কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে সংসার করবেন না বলেও জানিয়ে দেন শামসুর। এরপর তিনি বাদী হয়ে গত ১৪ জুলাই লক্ষ্মীপুর আমলি আদালত-২-এ যৌতুক আইনে মামলা করেন।
গত ৪ আগস্ট জামিন নিতে গেলে বিচারক মো. ইব্রাহীম মিয়া শামসুর রহমানকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ১০ আগস্ট শামসুর জামিনে মুক্তি পান।
শামসুরের দ্বিতীয় স্ত্রী বলেন, গত ৩১ মে তাঁকে রংপুরে রেজিস্ট্রি করে বিয়ে করেন শামসুর। কিন্তু এর এক দিন পর অপহরণ করে জোর করে বিয়ে দেওয়ার অভিযোগ এনে শামসুর তাঁকে ও তাঁর পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে রংপুর কোতোয়ালি থানায় মামলা করেন। এ ঘটনায় তিনি গত ১০ জুন দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমনট্রাইব্যুনাল আদালতে যৌতুকের মামলা করেন। এ মামলায় গত ২২ সেপ্টেম্বর দিনাজপুর নারী ও শিশু আদালত থেকে জামিন পান শামসুর রহমান।
এদিকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক নূর নেওয়াজ বলেন, শামসুর রহমান গত ২৬ জুলাই তাঁকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্বভার দিয়ে চলে যান। এরপর গত ২১ সেপ্টেম্বর হঠাৎ করে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। কাউকে কিছু না বলে পরদিন আবারও উধাও হয়ে যান। পরে ২৯ সেপ্টেম্বর ফেরত আসেন।
জানতে চাইলে দিনাজপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ইমদাদুল হক বলেন, শামসুর রহমান ২৬ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত আট দিন ছুটির যে আবেদন করেছিলেন সেটা ৫ সেপ্টেম্বর তারিখে সিভিল সার্জনের কার্যালয়ে আসে। আর ওই দিনই খবর প্রকাশিত হয় যে তিনি প্রথম স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় হাজতে আছেন। সংগত কারণেই কর্তৃপক্ষ তাঁর ছুটির আবেদন মঞ্জুর করেননি।
গত ৬ সেপ্টেম্বর লক্ষ্মীপুর সিভিল সার্জনের কার্যালয় থেকে শামসুরের হাজতবাসের বিষয়টি লিখিতভাবে নিশ্চিত হওয়া হয়। ওই দিনই তাঁর বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি দেওয়া হয়। তবে স্বাস্থ্যসচিব দেশে না থাকায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছিল না। এ নিয়ে ৯ অক্টোবর প্রথম আলোয় ‘এখনো চেয়ার আঁকড়ে আছেন তিনি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে গতকাল শামসুরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।