অবশেষে স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো
‘ঘাটোত এডা বিরিজের জন্যি ৪০ বচর ধর্যা এটি-ওটি কত ধরনা দিনু হামরা। কিন্তু খালি সকলির পুতিশুরতি পাচি। বিরিজখান আর কেউ কর্যা দেয়নি। শেষে কী আর করার। নিজেরাই চান্দাহারি কর্যা বাঁশের বিরিজখান বানানু। এতেই একন হামরা খুশি। অন্তত দুধের স্বাদ ঘোলে তো মিটাবার পারিচ্চি।’ কথাগুলো বলেন কৃষ্ণপুর গ্রামের কৃষক আফজাল হোসেন (৬৫)।বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদর থেকে চার কিলোমিটার দূরে করতোয়া নদীর এক প্রান্তে কৃষ্ণপুরসহ চারটি গ্রাম। অন্য প্রান্তে আলোকদিয়ারসহ ১২টি গ্রাম। এই নদীর ওপর একটি সেতু না থাকায় ওই ১৬টি গ্রামের প্রায় ৩৫ হাজার মানুষকে যাতায়াতের জন্য চরম দুর্ভোগ পোহাতে হতো। দীর্ঘদিন ধরে লোকজন কলাগাছের ভেলায় চড়ে নদী পার হতো। কখনো একটি বাঁশ নদীর ওপর ফেলে তার ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করত। ওই ১৬ গ্রামের লোকজন নদীর ওপর একটি সেতু নির্মাণের জন্য রাজনৈতিক নেতাসহ বিভিন্ন দপ্তরে ধরনা দিয়ে গত ৪০ বছরে শুধু আশ্বাসই পেয়েছে। কিন্তু সেতু আর হয়নি। তাই এলাকাবাসী সম্প্রতি রোজার মাসে কোমর বেঁধে নেমে পড়ে সাঁকো নির্মাণে। দুই সপ্তাহে নদীর ওপর নিজেদের টাকা ও শ্রমে তারা তৈরি করেছে প্রায় ২৫০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকো। ঈদের দুই দিন আগে সাঁকোটির নির্মাণ সম্পন্ন হয়েছে। এলাকাবাসী জানান, গত বর্ষার সময় এক বৃদ্ধা মা এসেছিলেন আলোকদিয়ারে থাকা তাঁর মেয়েকে দেখতে। কিন্তু নদীতে সেতু না থাকায় একটি বাঁশের ওপর দিয়ে তিনি আর নদী পার হতে পারেননি। অবশেষে নদীর এক পাড়ে মা আর অন্য পাড়ে মেয়ে জোরে জোরে কিছু কথা বলে কাঁদতে কাঁদতে দুজনই ফিরে যান। কৃষ্ণপুর গ্রামের কলেজছাত্র এমরান হোসেন বলেন, এখানে-সেখানে ধরনা দিয়েও কাজ না হওয়ায় ঈদের আগে অন্য এলাকার জাহিদুল ইসলাম নামের এক ব্যক্তি এসে এলাকার লোকজনকে রাজনৈতিক নেতাদের মুখাপেক্ষী না থেকে সাঁকো করার জন্য নিজেদেরই উদ্যোগ নিতে বলেন। তারপর গ্রামের কেউ বাঁশ দিয়েছেন, কেউ টাকা দিয়েছেন উপকরণ কেনার জন্য। সবাই মিলে এই সাঁকোটি নির্মাণ করেছেন। আলোকদিয়ার গ্রামের আমিনুল ইসলাম বলেন, এলাকার চাষিদের কৃষিপণ্য নিয়ে মহাস্থানগড় হাটে যাওয়া-আসায় দুর্ভোগের সীমা ছিল না। আগে দুই ঘণ্টার পথ ঘুরে হাটে যেতে হতো। এখন সাঁকোটি হওয়ায় মাত্র ৪৫ মিনিটেই হাটে যাওয়া যাচ্ছে। ছাত্রছাত্রীদের স্কুল-কলেজে যেতেও অনেক সুবিধা হয়েছে। রায়নগর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ বলেন, গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে বিরাট একটি ভালো কাজ করেছেন। এলাকার সাংসদ এ কে এম হাফিজুর রহমান বলেন, ওইখানে একটি সেতু নির্মাণ জরুরি। কিন্তু এই সেতুটি নির্মাণ করতে ব্যয় হবে অনেক টাকা। বিশেষ প্রকল্পের মাধ্যমে এটি করতে হবে। তিনি বিরোধীদলীয় সাংসদ। তার পরও চেষ্টা করে যাবেন, যাতে করে সেতুটি করা যায়।