অবশেষে স্বেচ্ছাশ্রমে সড়ক নির্মাণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কটি নির্মাণের জন্য ২০ বছর ধরে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পাঁচটি গ্রামের বাসিন্দারা। তাতে কাজ হয়নি। তাই গ্রামের বাসিন্দারা বাধ্য হয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সড়কটির নির্মাণকাজ শুরু করেছেন।
উপজেলার সনমান্দী ইউনিয়নের হরিহরদী এলাকায় ঈদগাহ ও কবরস্থানে যাতায়াতে ওই সড়ক নির্মাণের জন্য ২০ বছর ধরে হরিহরদী, মামুর্দী, দড়িকান্দি, টেমদী ও লেদামদী গ্রামের বাসিন্দারা সাংসদ, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছেন। বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা সড়কটি নির্মাণ করে দেওয়া হবে মর্মে নির্বাচনের আগে প্রতিশ্রুতিও দেন। তবে নির্বাচনের পর কেউ প্রতিশ্রুতি রাখেননি।
বর্তমান সরকারের আমলে স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল কায়সার এবং বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের আমলে স্থানীয় সাংসদ ও সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম সড়কটি নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে দুজনের কেউই কথা রাখতে পারেননি।
মামুর্দী গ্রামের বাসিন্দা অপু হোসেন জানান, ‘২০ বছর ধরে সাংসদ থেকে শুরু করে ইউপি চেয়ারম্যান ও সদস্যরা শুধু প্রতিশ্রুতিই দিয়েছেন। কথার বাস্তবায়ন করেননি। তাই এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ এ সড়কটির নির্মাণকাজ পাঁচ গ্রামের মানুষের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শুরু করেছি।’
সনমান্দী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য শামসুল আলম জানান, ‘আমি একজন জনপ্রতিনিধি হয়েও আমার পরিষদ থেকে সড়কটির জন্য অর্থ বরাদ্দ আনতে পারিনি। তাই এলাকাবাসীর সঙ্গে মিলে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ শুরু করেছি।’
শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, পাঁচ গ্রামের কয়েক শ মানুষ মাটি কাটছেন। ইউপি সদস্য শামসুল আলম কাজের তদারকি করছেন। সনমান্দী ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন জানান, ‘এলাকাবাসী সড়কটি নির্মাণের জন্য আমার কাছে একাধিকবার এসেছিলেন। কিন্তু কোনো অর্থ বরাদ্দ দিতে পারিনি। কারণ, অর্থ বরাদ্দ দিয়ে থাকেন সাংসদেরা, আমরা শুধু তদারকি করি।’
সাংসদ আবদুল্লাহ আল কায়সার জানান, ‘ভবিষ্যতে ক্ষমতায় এলে সড়কটি নির্মাণের চেষ্টা করব। যেহেতু বর্তমানে এলাকাবাসী সড়কটি নির্মাণ করেছেন। তাই আমরা সড়কটি পাকা করে দেব।’