অবশেষে স্বেচ্ছাশ্রমে সড়কের কাজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন সময় জনপ্রতিনিধিরা সড়কটি নির্মাণের আশ্বাস দিয়েছেন। কিন্তু কাজ হয়নি। শেষ পর্যন্ত স্থানীয় লোকজনই চাঁদা তুলে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শুরু করলেন সড়কটির নির্মাণকাজ। ঘটনাটি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কান্দারগাঁও গ্রামের।
এলাকাবাসী জানান, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনাঘাট শিল্পনগরীর উত্তর ও মোগরাপাড়া চৌরাস্তার দক্ষিণ দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে শুরু হয়ে একটি সড়ক কান্দারগাঁও গ্রামে গিয়ে শেষ হয়েছে। এ সড়কটি গ্রামের মানুষের চলাচলের একমাত্র পথ। সড়কটির দৈর্ঘ্য মাত্র ২ কিলোমিটার। গ্রামটিতে আট হাজার মানুষের বসবাস। সামান্য বৃষ্টি হলেই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চবিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে আসা-যাওয়া বন্ধ হয়ে যায়। তা ছাড়া গ্রামের বাসিন্দাদের উৎপাদিত কৃষিপণ্য ও বিভিন্ন শিল্পকারখানায় কর্মরত শ্রমিকেরা বৃষ্টি হলে কর্মক্ষেত্রে যেতে পারেন না। বৃষ্টি হলে এ সড়কে হাঁটুপানি জমে। প্রচণ্ড কাদার সৃষ্টি হয়। কাদা দিয়ে হাঁটতে গেলে পা আটকে যায়। এ ছাড়া অসুস্থ রোগীদেরও ভোগান্তি পোহাতে হয়।
কান্দারগাঁও গ্রামের বাসিন্দা মতিউর রহমান বলেন, ‘৪০ বছর ধরে বিভিন্ন সরকারের আমলে সাংসদ, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যরা আমাদের সড়কটি পাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছেন। কিন্তু কেউ কথা রাখেননি।’
গত শনিবার সরেজমিন দেখা যায়, গ্রামের বাসিন্দারা কোদাল ও টুকরি নিয়ে মাটি কাটার কাজে ব্যস্ত। গ্রামের বয়োজ্যেষ্ঠরা কাজ তদারক করছেন। মাটি কাটার কাজে ব্যস্ত গ্রামের বাসিন্দা নুরু মিয়া বলেন, ‘আমাদের জনপ্রতিনিধিরা বিভিন্ন সভায় বলছেন, সোনারগাঁ উন্নয়নের জোয়ারে ভাসছে। নেতাদের উন্নয়নের জোয়ারে আমরা ৪০ বছর ধরে বৃষ্টি হলেই ভেসে যাচ্ছি।’ তিনি বলেন, ‘আমাদের জমি, পালের গরু-ছাগল, হাঁস-মুরগি বিক্রি করে হলেও এ সড়ক পাকা করব। এ ধরনের শপথই গ্রামবাসী নিয়েছেন।’
পিরোজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদুর রহমান বলেন, ‘সড়কটি পাকা করার জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু অজ্ঞাত কারণে সড়কটি পাকা হচ্ছে না। আমি বুঝতে পারছি না কোথায় গিয়ে এ সড়কের ফাইল আটকে যায়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর ইসলাম বলেন, ‘আমি এ উপজেলায় নতুন যোগদান করেছি। সড়কটি পরিদর্শন করে এর উন্নয়নের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিতভাবে সুপারিশ করব।’