অবশেষে সড়কের দুই পাশে মাটি ফেলা শুরু
লক্ষ্মীপুর-চাঁদপুর আঞ্চলিক মহা-সড়কের দুই পাশে মাটি ফেলার কাজ শুরু হয়েছে। তিন-চার বছর ধরে প্রায় ৪৫ কিলোমিটার এই রাস্তার দুই পাশের অনেক স্থানে মাটি ছিল না। এতে সড়কের দুই পাশের বিভিন্ন স্থানে কার্পেটিং ভেঙে পড়েছে। এ নিয়ে গত শনিবার প্রথম আলোয় ‘সড়কের দুই পাশে মাটি নেই’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়।ওই দিন দুপুরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের লোকজন উপজেলার লেংড়া বাজার এলাকার সড়কে কাজ শুরু করে। সওজ লক্ষ্মীপুর ও চাঁদপুর কার্যালয় সূত্রে জানা যায়, চারদলীয় জোট সরকারের শেষ সময়ে দুই কোটি টাকা ব্যয়ে সড়কটি সংস্কার করা হয়েছিল। বর্তমানে সড়কটির অধিকাংশ স্থানে দুই পাশে মাটি না থাকায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করে।সওজ লক্ষ্মীপুর কার্যালয়ের কার্য সহকারী খোরশেদ আলম বলেন, কর্তৃপক্ষের নির্দেশে সড়কের দুই পাশে মাটির কাজ করা হচ্ছে। আপাতত গুরুত্বপূর্ণ স্থানে কাজ চলছে। কিছু দিনের মধ্যে পুরো কাজ শুরু হবে।