ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগের কর্মীরা শেষ পর্যন্ত হল ছেড়ে চলে গেছেন। গতকাল মঙ্গলবার কর্তৃপক্ষ পুলিশ নিয়ে অবস্থানকারী সবাইকে বের করে দিয়ে ফটকে তালা লাগিয়ে দেয়। ছাত্রলীগের দুই কর্মীকে পাস করিয়ে দেওয়ার দাবিতে গত রোববার সকালে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়ে প্রতিষ্ঠানের তিন শিক্ষককে আহত করেন। এ ঘটনার পর কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে গত সোমবার সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়। এতে সাধারণ শিক্ষার্থীরা হল ছাড়লেও ছাত্রলীগের নেতা-কর্মীরা হল দখলে রাখেন। এ নিয়ে গতকাল প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ইনস্টিটিউটের অধ্যক্ষ রফিকুল ইসলাম মীর প্রথম আলোকে বলেন, ‘তিনটি হলই খালি করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে প্রতিটি হলের তত্ত্বাবধায়ক ফোন করে খালি করার বিষয়টি নিশ্চিত করেছেন।’ এদিকে হল খালি হলেও আতঙ্কে আছেন শিক্ষকেরা। হামলা ও ভাঙচুরের ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানা এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। ইনস্টিটিউটের অধ্যক্ষ রফিকুল ইসলাম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা শতাধিক শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেন। জানতে চাইলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, হল খালি হওয়ায় কাউকে পাওয়া যাচ্ছে না।