অবশেষে হল ছাড়লেন ছাত্রলীগের কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগের কর্মীরা শেষ পর্যন্ত হল ছেড়ে চলে গেছেন। গতকাল মঙ্গলবার কর্তৃপক্ষ পুলিশ নিয়ে অবস্থানকারী সবাইকে বের করে দিয়ে ফটকে তালা লাগিয়ে দেয়। ছাত্রলীগের দুই কর্মীকে পাস করিয়ে দেওয়ার দাবিতে গত রোববার ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়ে প্রতিষ্ঠানের তিন শিক্ষককে আহত করেন। এ ঘটনায় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে গত সোমবার সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়। এতে সাধারণ শিক্ষার্থীরা হল ছাড়লেও ছাত্রলীগের নেতা-কর্মীরা হল দখলে রাখেন। এ নিয়ে গতকাল প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ইনস্টিটিউটের অধ্যক্ষ রফিকুল ইসলাম মীর প্রথম আলোকে বলেন, ‘তিনটি হলই খালি করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে প্রতিটি হলের তত্ত্বাবধায়ক ফোন করে খালি করার বিষয়টি নিশ্চিত করেছেন।’