অবশেষে হল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ৩৭ দিনের অচলাবস্থা নিরসনে ব্যর্থ হয়ে শেষশেষ ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আবাসিক হলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল রোববার ক্ষোভ, হতাশা আর অনিশ্চয়তা নিয়ে ক্যাম্পাস ছেড়েছেন শিক্ষার্থীরা।কর্তৃপক্ষ আগামী ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক কার্যক্রম শুরুর কথা বলছে। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকেরাও এ বিষয়ে প্রকাশ করছেন। বন্ধের পরে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে—এমন নিশ্চয়তা দিতে পারছে না কর্তৃপক্ষও। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে গত ৮ সেপ্টেম্বর শতাধিক কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ চূড়ান্ত করা হয়। ওই নিয়োগ নিয়ে ছাত্রলীগসহ বিভিন্ন মহলে অসন্তোষের জের ধরে বিশ্ববিদ্যালয় অশান্ত হয়ে ওঠে। চলে একের পর এক ভাঙচুর, বোমা হামলা, চোরাগোপ্তা হামলা। এতে করে ৩৭ দিন অঘোষিতভাবে বন্ধ থাকে ক্লাস-পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম। পুরো সময়টাতে তালা ঝুলেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও প্রশাসনিক ভবনসহ প্রায় সব ভবনের ফটকে।এর পরও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা ছিল। তবে পরিস্থিতি সামলাতে না পেরে হল বন্ধ করে দেওয়া হয়। গত শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আলাউদ্দিনের সভাপতিত্বে এক জরুরি সিন্ডিকেট সভা হয়। কুষ্টিয়া শহরে উপাচার্যের নিজ বাসভবনে অনুষ্ঠিত ওই সভায় গতকাল রোববার দুপুর ১২টার মধ্যে আবাসিক হল বন্ধের এবং আগামী ৯ নভেম্বর খোলার সিদ্ধান্ত হয়। ঈদুল আজহা ও দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর হল বন্ধের কথা ছিল। ২২ অক্টোবর পর্যন্ত অফিস খোলা রাখার সিদ্ধান্ত হলেও কার্যত অচলাবস্থার শুরু থেকেই দাপ্তরিক কার্যক্রম বন্ধ রয়েছে। ছুটি শেষে আগামী ৮ নভেম্বর অফিস খোলার সিদ্ধান্ত হয়েছে। সভায় আগামী ১০ নভেম্বর থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা চালুর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। নির্ধারিত ছুটির এক সপ্তাহ আগেই আবাসিক হল বন্ধ করে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, জিয়া পরিষদ, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন শিক্ষক ও ছাত্র সংগঠন।গতকাল হতাশা নিয়ে হল ছাড়ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্রী রুশনারা আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘এই কয়েক দিনে যেহেতু ক্যাম্পাস খোলা সম্ভব হয়নি, ছুটির পরও যে তা সম্ভব হবে সেটা অনিশ্চিত।’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি এম এয়াকুব আলী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে না পারলে উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগ করা উচিত।’ছুটির পর ক্যাম্পাস সচল করার নিশ্চয়তা দিতে পারেননি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আলাউদ্দিন। তিনি দাবি করেন, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করেই হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।