অবশেষে হালতি বিলের জলাবদ্ধতা নিরসনে খাল খনন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলের জলবদ্ধতা নিরসনে জিয়া খাল খনন করে পানি নিষ্কাশনের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার খোলাবাড়িয়া গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া জিয়া খালের একাংশ খনন করে কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সাখাওয়াৎ হোসেন ও ইউএনও শারমিন আক্তার জাহান। এ সময় মাধনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেওয়ান আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।
নলডাঙ্গা উপজেলার হালতি বিলে জলাবদ্ধতায় দেড় হাজার হেক্টর জমির ইরি-বোরো চাষ অনিশ্চিত হয়ে পড়েছিল। এ নিয়ে ১৫ জানুয়ারি প্রথম আলো পত্রিকায় সচিত্র খবর প্রকাশিত হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে খোলাবাড়িয়া গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া জিয়া খালের একাংশ অবৈধ দখলমুক্ত করে সেটির খননকাজ শুরু করা হয়।
তেঘরিয়া গ্রামের ভুক্তভোগী কৃষক সিদ্দিকুর রহমান বলেন, প্রতিবছর এই সময় শত শত কৃষকের বোরো ধান চাষ শুধু হালতি বিলের জলাবদ্ধতায় অনিশ্চিত হয়ে পড়ে। কিন্তু এবার উপজেলা প্রশাসনের উদ্যোগে জিয়া খাল খননকাজ শুরু করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করায় ভুক্তভোগী এসব কৃষক অত্যন্ত খুশি।