অবশেষে ১ মাস ৫ দিন পর বাবুর মুক্তি
অবশেষে এক মাস পাঁচ দিন হাজতবাসের পর দিনমজুর শরিফুল ইসলাম ওরফে বাবু (২২) কারাগার থেকে মুক্তি পেয়েছেন। গত রোববার জয়পুরহাট জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। তাঁর বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা ছিল না। শুধু নামের মিল থাকায় তাঁকে গ্রেপ্তার করে পাঁচবিবি থানার পুলিশ।
মুক্তি পাওয়া বাবুর আইনজীবী মামুনুর রশিদ বলেন, তাঁর মক্কেল জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া গ্রামের মৃত ময়েন উদ্দীনের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় পাঁচবিবি থানার পুলিশ গত ২৪ মে তাঁকে গ্রেপ্তার করে জয়পুরহাট জেলা কারাগারে পাঠায়।
মামলা সূত্রে জানা গেছে, পাঁচবিবি থানায় ২০১১ সালের ২৭ মার্চ ১১ বোতল ফেনসিডিলসহ আটাপাড়া গ্রামের ফয়েজদ্দিনের ছেলে বাবু মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলাও করে পাঁচবিবি থানার পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পাঁচবিবি থানার এসআই শওকত আলী সরকার একমাত্র আসামি বাবু মিয়ার বিরুদ্ধে অভিযোগপত্রও দাখিল করেন। পরে বাবু মিয়া আদালত থেকে জামিনে মুক্তি নিয়ে আত্মগোপন করেন। আদালতে হাজিরা না দিলে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
ইউপি চেয়ারম্যান জামাত আলী বলেন, পলাতক থাকা অবস্থায়ই অসুস্থ হয়ে বাবু মিয়া মারা যান। কিন্তু বিষয়টি আদালতকে না জানানোয় গ্রেপ্তারি পরোয়ানা বলবৎ থাকে। এরই ভিত্তিতে পাঁচবিবি থানার এসআই আবু জাফর আটাপাড়া গ্রামেরই আরেক বাসিন্দা বাবুকে গ্রেপ্তার করে কারাগারে পাঠান।
এ নিয়ে গত শুক্রবার প্রথম আলোয় ‘আসামি বাবু পরপারে, দিনমজুর বাবু কারাগারে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরই জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার বিমান চন্দ্র আদালতের নির্দেশে ঘটনার সরেজমিন তদন্ত করে মামলার প্রকৃত আসামি বাবু মিয়া মারা গেছেন মর্মে বাগজানা ইউপি চেয়ারম্যানের দেওয়া মৃত্যুসনদ আদালতে দাখিল করেন। হাজতে থাকা বাবু মামলার আসামি নন মর্মে গত রোববার বেলা ১১টার দিকে প্রতিবেদন দাখিল করলে স্পেশাল ট্রাইব্যুনাল-৪-এর বিচারক শরিফুল ইসলাম ওই দিনই বাবুকে মুক্তি দেন।
গতকাল সোমবার বাবু নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘গত রোববার মুক্তির সময় জেলার সাহেব বলেছিলেন, প্রথম আলোতে তোমাকে নিয়ে খবর বেরিয়েছে। বাড়িতে গিয়ে দেখো। নাইলে তো তোমার কথা কেউ জানতই না।’ বিনা কারণে এক মাসের বেশি কারাগারে থাকা নিয়ে কাউকে দায়ী করেন কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘আমি গরিব মানুষ। ভাগ্যই আমারে এইখানে নিয়া আসছে। তাই বিনা কারণে জেল খাটলাম। কেউ দায়ী নারে, ভাই।’