অবশেষে ১৪ শিক্ষকের ২৭ পদের পদত্যাগপত্র গৃহীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২৭টি প্রশাসনিক পদে থাকা ১৪ জন শিক্ষকের পদত্যাগপত্র গ্রহণ করেছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোর্শেদ উল আলম স্বাক্ষরিত পত্রের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষকদের তা জানিয়ে দেওয়া হয়েছে।
কিছু দাবি আদায়ের লক্ষ্যে গত বছর ৯ থেকে ১৭ ডিসেম্বরের মধ্যে ১৮ জন শিক্ষক মোট ৩৫টি প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেন। এর মধ্যে চারজন শিক্ষক আটটি পদে তাঁদের পদত্যাগপত্র প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন। বাকি ১৪ জন শিক্ষক ২৭টি পদে তাঁদের পদত্যাগপত্র প্রত্যাহার না করায় অবশেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করেছে।
যাঁদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে, তাঁরা হলেন বিজ্ঞান অনুষদের ডিন, শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট, গণিত, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানসহ পাঁচটি পদ থেকে আর এম হাফিজুর রহমান। কলা অনুষদের ডিন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট, বাংলা বিভাগের প্রধান ও অর্থ কমিটির পদসহ চারটি পদ থেকে সাইদুল হক। পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট, রাষ্ট্রবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং লোকপ্রশাসন বিভাগের প্রধানসহ পাঁচটি পদ থেকে মোরশেদ হোসেন। সিন্ডিকেট সদস্য ও অর্থ কমিটির সদস্য পদসহ দুটি পদ থেকে সরিফা সালোয়া। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রধান ও অর্থ কমিটির সদস্য পদসহ দুটি পদ থেকে রফিউল আজম খান। ফজিলাতুন্নেছা মুজিব হলের সহকারী প্রভোস্ট পদ থেকে তানিয়া তোফাজ, সাইদুর রহমান ও শেখ মাজেদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সহকারী প্রভোস্ট পদ থেকে শফিকুর রহমান, শরীফুল ইসলাম, কমলেশ চন্দ্র রায় ও আজিজুর রহমান। রসায়ন বিভাগের প্রধান পদ থেকে এইচ এম তারিকুল ইসলাম এবং ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান পদ থেকে আলী রায়হান সরকার।
রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোর্শেদ উল আলম জানিয়েছেন, পদত্যাগপত্র প্রত্যাহার করার জন্য শিক্ষকদের লিখিতভাবে সময় দিয়ে তিনবার অনুরোধ জানানো হলেও তাঁরা পদত্যাগপত্র প্রত্যাহার করেননি।
উপাচার্য এ কে এম নূর-উন-নবী বলেন, দীর্ঘ অপেক্ষার পরও তাঁদের (পদত্যাগকারী শিক্ষক) কোনো সাড়া না পেয়ে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ রক্ষার জন্য উপায়হীন হয়েই পদত্যাগপত্রগুলো গ্রহণ করা হয়েছে। এখন এসব শূন্য পদে দ্রুত নিয়োগ দেওয়া হবে বলে উপাচার্য জানিয়েছেন।