অবশেষে ৩৪৩ চিকিৎসক নিয়োগের গেজেট প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কর্মকমিশনের সুপারিশের এক বছরেরও বেশি সময় পর অবশেষে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ৩৪৩ জন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) নিয়োগের গেজেট প্রকাশ করা হলো। আজ রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের পরিবার পরিকল্পনা-২ অধিশাখা থেকে এটি প্রকাশ করা হয়।

গেজেটে আগামী ৬ ডিসেম্বর ওই কর্মকর্তাদের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে। এই চিকিৎসকেরা ২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী নবম গ্রেড দিয়ে চাকরি শুরু করবেন।

এ বছরের ১৯ সেপ্টেম্বর ‘পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মেডিকেল অফিসার: উত্তীর্ণ হলেও চাকরি হচ্ছে না ৩৮৩ চিকিৎসকের’ শিরোনামে প্রথম আলোতে একটি সংবাদ প্রকাশিত হয়।

২০১৪ সালের ৭ মে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ৫৩৫টি চিকিৎসা কর্মকর্তার স্থায়ী শূন্য পদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। দেড় বছরের প্রক্রিয়া শেষে গত বছরের ১২ অক্টোবর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এ বছরের ১ থেকে ৪ ফেব্রুয়ারি তাঁদের স্বাস্থ্য পরীক্ষা শেষ হয়। এরপর জানানো হয়, শিগগিরই নিয়োগ হয়ে যাবে। কিন্তু তাঁরা নিয়োগ পাচ্ছিলেন না। আজ গেজেট প্রকাশের মধ্য দিয়ে তাঁরা নিয়োগ পেলেন।