অবশেষে ৪ লাখ টাকা ফেরত পাঠানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার একটি পুকুর খননকাজের চার লাখ টাকা ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে মৎস্য অধিদপ্তর।
গাইবান্ধা জেলা মৎস্য কর্মকর্তা আবদুল লতিফ টাকা ফেরত পাঠানোর বিষয়টি নিশ্চিত করে গতকাল রোববার প্রথম আলোকে বলেন, অধিদপ্তরের চিঠি পাওয়ার পর সরোবরো পুকুর খননে বরাদ্দ করা মোট আট লাখ টাকার মধ্যে চার লাখ টাকা ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দু-এক দিনের মধ্যে ট্রেজারি চালানের মধ্যেমে এ টাকা ফেরত পাঠানো হবে। তিনি আরও বলেন, অন্য দুটি পুকুরের খননকাজ চলছে।
৫ মে প্রথম আলোয় ‘খননের নামে লুটপাট’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরদিন ৬ মে মৎস্য অধিদপ্তর রংপুর বিভাগীয় পরিচালক (রিজার্ভ) এম আই গোলজার, উপপরিচালক রকিব উদ্দিন বিশ্বাস ও সহকারী প্রকৌশলী জাহিদুল হক সাদুল্যাপুর উপজেলার তিনটি পুকুর খননকাজের তদন্ত করেন। কর্মকর্তারা তদন্ত শেষে ঢাকায় মৎস্য অধিদপ্তরে প্রতিবেদন পাঠান। অধিদপ্তর ২১ মে এক চিঠিতে সরোবরো পুকুর খননে যে পরিমাণ কাজ হয়েছে, তার বিল দিয়ে বাকি টাকা ফেরত পাঠানোর নির্দেশ দেয়।