অবশেষে 'আইসিইউ' চালু কক্সবাজার হাসপাতালে
সংকটাপন্ন রোগীদের বাঁচানোর জন্য অবশেষে কক্সবাজার সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) চালু হলো। আজ মঙ্গলবার বেলা একটার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
এ উপলক্ষে কক্সবাজার সদর হাসপাতালের সম্মেলনকক্ষে আজ একটি সভার আয়োজন করা হয়।
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার-১ আসনের সাংসদ মুহাম্মদ ইলিয়াছ, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের অতিরিক্ত সচিব এস এম রেজুয়ান হোসেন, সিভিল সার্জন পু চ নু, কক্সবাজার সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী প্রমুখ।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ও জেলা সিভিল সার্জন পু চ নু জানান, ছয় শয্যার এই নিবিড় পরিচর্যা কেন্দ্রের জন্য ইতিমধ্যে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক, চারজন নার্স ও চারজন কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। উদ্বোধনের পর দুই শয্যা দিয়ে কেন্দ্রের কার্যক্রম চালু হলো। পরে অন্যান্য শয্যাসংখ্যা বাড়ানো হবে।
হাসপাতাল সূত্র জানায়, ২০০৮ সালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই সরকারি হাসপাতালে জরুরি ভিত্তিতে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) ও আইসিইউ স্থাপনের নির্দেশ দেওয়া হয়। সিসিইউ স্থাপনের জন্য একটি বহুতল ভবন প্রস্তুত করা হলেও কক্সবাজার সরকারি মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাস হওয়ায় সেই ভবনে আর সিসিইউ চালু হয়নি। হাসপাতালের চতুর্থ তলায় ছয় বেডের আইসিইউ স্থাপনের জন্য তখন প্রায় তিন কোটি টাকার অত্যাধুনিক সরঞ্জামাদি সরবরাহ করা হলেও জনবল–সংকটের কারণে এত দিন ইউনিটটি চালু করা সম্ভব হয়নি।
কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী জানান, জেলার কোথাও আইসিইউ চালু না থাকায় ভ্রমণে আসা পর্যটক, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থানীয় সংকটাপন্ন রোগীদের বিপাকে পড়তে হচ্ছে। ঝুঁকি নিয়ে দেড় শ কিলোমিটার দূরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অনেকের মৃত্যু হচ্ছে। আইসিইউ স্থাপিত হওয়ায় চিকিৎসার ক্ষেত্রে কক্সবাজারে নতুন মাত্রা যোগ হলো।