অবশেষে 'মোংলা'য় ফিরছে 'মংলা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বানান সংশোধন করে বন্দর কর্তৃপক্ষও লেখা শুরু করেছে মোংলা। ছবিটি সম্প্রতি তোলা। ইনসেটে কিছুদিন আগেও বন্দরের জেটিতে ‘মংলা’ লেখা ছিল l প্রথম আলো
বানান সংশোধন করে বন্দর কর্তৃপক্ষও লেখা শুরু করেছে মোংলা। ছবিটি সম্প্রতি তোলা। ইনসেটে কিছুদিন আগেও বন্দরের জেটিতে ‘মংলা’ লেখা ছিল l প্রথম আলো

সরকারি গেজেটে বাগেরহাটের ‘মোংলা’ উপজেলা। আর দেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর ‘মংলা’। একই স্থানের নাম দুই বানানে। ১৯৮৭ সাল থেকে এই বিভ্রান্তি শুরু হয়ে প্রায় তিন দশক পর সম্প্রতি ‘মংলা’ থেকে ‘মোংলা’য় ফিরতে শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ।

‘মোংলা’ আর ‘মংলা’—এ দুই বানানই এত দিন ধরে প্রচলিত। গত বছরের ২২ অক্টোবর মোংলায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ কয়েকজন সচিবের এক বৈঠকে বন্দর কর্তৃপক্ষকে মোংলা বানানের ক্ষেত্রে সরকারি গেজেট অনুসরণ করতে বলা হয়। অতি সম্প্রতি বন্দর কর্তৃপক্ষ তাদের ভুল সংশোধন করে মোংলা বানান ব্যবহার শুরু করেছে। তবে বন্দরকেন্দ্রিক সব প্রতিষ্ঠানে এখনো এ বানান চালু হয়নি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১৯৮৩ সালে উপজেলা গেজেট যখন ঘোষণা করা হয়, তখন থেকেই ‘মোংলা’ উপজেলা পরিষদ নামেই চলে আসছে। এখন পর্যন্ত উপজেলা ও পুলিশ প্রশাসনের সব ক্ষেত্রেই মোংলা বানান ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ১৯৫০ সালে প্রতিষ্ঠিত দেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর চালনা। ১৯৮৭ সালের ৮ মার্চ চালনা নাম পরিবর্তন করে মংলা বন্দর রাখা হয়। বিপত্তি ঘটে তখন থেকে। এরপর পর্যায়ক্রমে বন্দরকেন্দ্রিক মংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয়, মংলা কাস্টমস হাউস, মংলা ইপিজেড, মংলা বন্দর জেটি, মংলা কোস্টগার্ড, নৌবাহিনীর মংলা নৌঘাটিসহ সব প্রতিষ্ঠানেই মংলা বানান ব্যবহৃত হয়ে আসছে। এমনকি বন্দর এলাকায় গড়ে ওঠা শিল্পাঞ্চলেও শিল্পপ্রতিষ্ঠানগুলোও ‘মংলা’ বানান ব্যবহার করছে। এখন মংলা নদীর ওপারে উপজেলা প্রশাসন এলাকায় মোংলা আর নদীর এপারে বন্দর এলাকায় সব প্রতিষ্ঠানের নামের বানানে মংলা চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আলী প্রিন্স জানান, ১৯৮৩ সালে উপজেলা গেজেট ঘোষণার শুরু থেকেই সরকারিভাবে এ উপজেলার বানানে মোংলা ব্যবহার করা হয়ে আসছে। এখনো পর্যন্ত সেটিই বলবৎ রয়েছে। উপজেলা প্রশাসনের ও সব মন্ত্রণালয়ের কাগজপত্রেও সেই বানান ব্যবহার করা হয়। কিন্তুÍবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কোনো চিঠি আদান-প্রদান করতে হলে তাদের বানানেই মংলা লিখতে হয়। সমান্তরালভাবে এত দিন ধরে দুটি বানানই চলেছে। এটি আসলেই বিভ্রান্তিকর।

বন্দরের বানানে কেন সরকারি গেজেট মা হলো না, এমন প্রশ্নের জবাবে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম রিয়াজউদ্দিন আহম্মেদ প্রথম আলোকে বলেন, ভুলটি কীভাবে হলো সেটি তৎকালীন কর্মকর্তারা বলতে পারবেন। প্রায় ৩০ বছর ধরে এই ভুলটি চলে এসেছে। তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ অন্য সচিবদের এক বৈঠকে নির্দেশনার পর সম্প্রতি আমরা বন্দর কর্তৃপক্ষ অভ্যন্তরীণ একটি সার্কুলার জারি করে বলে দিয়েছি, এখন থেকে মংলা বানান বাদ দিয়ে আমরা মোংলা লিখব। তবে সংক্ষেপে মবক (মোংলা বন্দর কর্তৃপক্ষ) আগের বানানেই থাকবে। চলমান বিষয় বলে বন্দরকেন্দ্রিক সব প্রতিষ্ঠানে এখনো বানানটি পুরোপুরি চালু হয়নি। অচিরেই হয়ে যাবে।

বন্দর কর্তৃপক্ষের এ ভুলের বিস্তার ঘটেছে পাঠ্যপুস্তকেও। অষ্টম শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বইয়ে দ্বিতীয় সামুদ্রিক বন্দর হিসেবে মোংলা বানান লেখা হয়েছে মংলা দিয়ে। এ বিষয়ে জানতে চাইলে সেন্ট পলস উচ্চবিদ্যালয়ের সাবেক বাংলার শিক্ষক জেমস শরৎ কর্মকার বলেন, ১৯৮৭ সালে যে ভুলের সূত্রপাত হয়েছিল, তা ডালপালা নিয়ে মহিরুহ আকার ধারণ করেছে। এখন বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সঙ্গে পাঠ্যপুস্তকেও এ সংশোধন হওয়া উচিত। এলাকার বরেণ্য কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ১৯৮৭ সালেই তাঁর কবিতায় ‘মোংলা বন্দর’ লিখে এ ভুলের প্রথম আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছিলেন।

মোংলার সন্তান ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ নমিতা হালদার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, অনেক দেরিতে হলেও বন্দর কর্তৃপক্ষ যে তাদের ভুল সংশোধন করছে, সেটা সুখের বিষয়। একই জায়গার দুই বানানের এ বিভ্রান্তি দূর হওয়া প্রয়োজন ছিল। বন্দরকেন্দ্রিক সব প্রতিষ্ঠানেরই দ্রুত এ বানান সংশোধন করে নেওয়া উচিত।