অবশ্যই তৃতীয় একটি শক্তিকে দাঁড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আমাদের মধ্যে অসাধারণ সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা কাজে লাগিয়ে সোনার বাংলা গড়া সম্ভব। আমাদের সরকার ও বিরোধী দল গণতন্ত্রের চর্চা করছে না। বিরোধী দল অব্যাহতভাবে সংসদ বর্জন করে যাচ্ছে। সরকার ও বিরোধী দলের মধ্যে এত বিরোধ মেনে নেওয়া যায় না। নাগরিক ঐক্য রাজনৈতিক দলের মধ্যে স্বচ্ছতা আনতে কাজ করবে।’গত সোমবার রাতে সিলেটে নাগরিক ঐক্যের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ‘গণতন্ত্র ও মৌলিক অধিকার রক্ষায় নাগরিক সমাজ ঐক্যবদ্ধ হোন’ স্লোগান সামনে রেখে সিলেট নগরের একটি রেস্তোরাঁর সম্মেলনকক্ষে মতবিনিময় সভা হয়। রাত আটটা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চলা মতবিনিময় সভায় রাজনৈতিক ও পেশাজীবী শ্রেণীর প্রতিনিধিত্বশীল মানুষ একাত্ম হয় নিজস্ব মত ব্যক্ত করেন। মতবিনিময়ে উপস্থিত অনেকের প্রশ্নেরও জবাব দেন মাহমুদুর রহমান মান্না।মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সরকারি দল আর বিরোধী দলের এমন কাদা ছোড়াছুড়ি থেকে বের হয়ে আসতে হলে অবশ্যই তৃতীয় একটি শক্তিকে দাঁড়াতে হবে।’ মান্না বলেন, ‘শুধু বুদ্ধিভিত্তিক চর্চা করলে হবে না। আওয়ামী লীগ নিজে আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছিল। এখন তারা মানছে না। বিএনপি চাইছে যে নামেই হোক—নিরপেক্ষ নির্বাচন। আমরা সবার জন্য গ্রহণযোগ্য নির্বাচন চাই।’ নাগরিক ঐক্যের তৎপরতা প্রসঙ্গে তিনি বলেন, ‘রাষ্ট্রক্ষমতার জন্য লড়াই করছি না। রাষ্ট্রক্ষমতা যাতে সঠিকভাবে চলে, সে জন্য লড়ছি।’