নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আমাদের মধ্যে অসাধারণ সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা কাজে লাগিয়ে সোনার বাংলা গড়া সম্ভব। আমাদের সরকার ও বিরোধী দল গণতন্ত্রের চর্চা করছে না। বিরোধী দল অব্যাহতভাবে সংসদ বর্জন করে যাচ্ছে। সরকার ও বিরোধী দলের মধ্যে এত বিরোধ মেনে নেওয়া যায় না। নাগরিক ঐক্য রাজনৈতিক দলের মধ্যে স্বচ্ছতা আনতে কাজ করবে।’গত সোমবার রাতে সিলেটে নাগরিক ঐক্যের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ‘গণতন্ত্র ও মৌলিক অধিকার রক্ষায় নাগরিক সমাজ ঐক্যবদ্ধ হোন’ স্লোগান সামনে রেখে সিলেট নগরের একটি রেস্তোরাঁর সম্মেলনকক্ষে মতবিনিময় সভা হয়। রাত আটটা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চলা মতবিনিময় সভায় রাজনৈতিক ও পেশাজীবী শ্রেণীর প্রতিনিধিত্বশীল মানুষ একাত্ম হয় নিজস্ব মত ব্যক্ত করেন। মতবিনিময়ে উপস্থিত অনেকের প্রশ্নেরও জবাব দেন মাহমুদুর রহমান মান্না।মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সরকারি দল আর বিরোধী দলের এমন কাদা ছোড়াছুড়ি থেকে বের হয়ে আসতে হলে অবশ্যই তৃতীয় একটি শক্তিকে দাঁড়াতে হবে।’ মান্না বলেন, ‘শুধু বুদ্ধিভিত্তিক চর্চা করলে হবে না। আওয়ামী লীগ নিজে আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছিল। এখন তারা মানছে না। বিএনপি চাইছে যে নামেই হোক—নিরপেক্ষ নির্বাচন। আমরা সবার জন্য গ্রহণযোগ্য নির্বাচন চাই।’ নাগরিক ঐক্যের তৎপরতা প্রসঙ্গে তিনি বলেন, ‘রাষ্ট্রক্ষমতার জন্য লড়াই করছি না। রাষ্ট্রক্ষমতা যাতে সঠিকভাবে চলে, সে জন্য লড়ছি।’ প্রবীণ আইনজীবী আজিজুল মালিক চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তারা নাগরিক কমিটি গঠনের প্রেক্ষাপট এবং বর্তমান রাজনৈতিক অবস্থা তুলে ধরেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোসাদ্দিক আহমদ চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় পর্যায়ক্রমে বক্তব্য দেন রোটারিয়ান মঈনউদ্দিন আহমদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ভিপি ফারুক আহমদ, মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষক তোফায়েল আহমদ, ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক প্রতিনিধি সালেহ আহমদ খসরু, আইনজীবী মুজিবুর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা মঈনউদ্দিন প্রমুখ।নাগরিক ঐক্য গঠন প্রশ্নে মান্না বলেন, ‘এটা জাতীয় নির্বাচন সামনে রেখে গঠন করা হয়নি। রাজনৈতিক দলগুলোর ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য গঠন করা হয়েছে। নাগরিক ঐক্য গড়ার পেছনে কোনো ডেটলাইন নেই। তবে আগামী জাতীয় নির্বাচন অবশ্যই গুরুত্বপূর্ণ। ১৬ কোটি মানুষের মধ্য থেকে ৩০০ মানুষ কি নেই, যাঁরা দুই দলের রাজনীতির বাইরে অবস্থান নিতে পারেন? আমার তো মনে হয় ৩০০ নয়, এ রকম তিন হাজার মানুষ আছেন, যাঁরা ভোটে দাঁড়িয়ে বড় পরিবর্তন আনতে পারেন।’ পদ্মা সেতু প্রসঙ্গে মান্না বলেন, ‘সরকার পদ্মা সেতু নিয়ে যেসব কথা বলছে, তা মেনে নেওয়া যায় না। বিশ্বব্যাংক সহজ শর্তে ঋণ দিয়েছিল, যা অন্য কেউ দিতে পারবে না। সরকারের ভুলের জন্য জনগণের ক্ষতি হয়েছে। প্রধানমন্ত্রী এক কথা বলছেন, অর্থমন্ত্রী বলছেন আরেক কথা। এসব বক্তব্য জনগণকে বিভ্রান্ত করছে। আবার বিরোধী দল বিএনপি ক্ষমতায় গেলে দুটো পদ্মা সেতু করবে বলে যে ঘোষণা দিয়েছে, তা প্রতারণার শামিল।’