অবসর ও কল্যাণ সুবিধার টাকা কাটার হার বাড়ছে না
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের আপত্তির মুখে অবসর ও কল্যাণ সুবিধার জন্য তাঁদের কাছ থেকে কেটে নেওয়া টাকার হার বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল বুধবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে এ সিদ্ধান্ত স্থগিত করার কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন যেহেতু এটা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, তাই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।
বর্তমানে প্রতি মাসে অবসরের জন্য একেকজন শিক্ষক-কর্মচারীর কাছ থেকে ৪ শতাংশ ও কল্যাণ সুবিধার জন্য ২ শতাংশ টাকা কেটে রাখা হয়। সম্প্রতি এ হার বাড়ানোর সিদ্ধান্ত হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অবসরের জন্য মূল বেতনের ৬ শতাংশ ও কল্যাণ সুবিধার জন্য ৪ শতাংশ টাকা কেটে রাখার কথা ছিল। কল্যাণ সুবিধার জন্য বর্ধিত হারে টাকা কাটার বিষয়ে প্রজ্ঞাপনও জারি হয়েছিল। কিন্তু কিছুদিন ধরেই এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সংগঠনগুলো। জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট গতকাল এক বিবৃতিতে সরকারের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে।
সারা দেশে বর্তমানে এমপিওভুক্ত (সরকার থেকে মূল বেতনের শতভাগ পান) শিক্ষক-কর্মচারীর সংখ্যা প্রায় পাঁচ লাখ।