অবসর ভাতার অপেক্ষাতেই ২৩ বছর পার!
আইনি জটিলতায় পড়ে ২৩ বছরেও মুক্তিযোদ্ধা স্বামীর পেনশনের টাকা পাননি একজন গৃহবধূ। স্বামী সেনাবাহিনীর সুবেদার মোহামঞ্চদ আলীর মৃত্যুর পর চার মেয়ে আর দুই ছেলেকে নিয়ে কাটছে তাঁর মানবেতর জীবন। হতভাগী এই গৃহবধূ হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাহাদুরপুর গ্রামের রহিমা খাতুন। ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ পৈরতলায় বোনের বাড়িতে আশ্রয় নেওয়া রহিমা এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।রহিমা খাতুন জানান, তাঁর স্বামী মারা যাওয়ার পর অবসর ভাতার (পেনশন) টাকার জন্য বছরের পর বছর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘুরেও কোনো ফল হয়নি। তাঁকে বলা হয়েছে, মোহামঞ্চদ আলী মৃত্যুর আগে পেনশন ‘কমিউটেশন’ (বিনিময়) করেননি। তা ছাড়া তাঁর মৃত্যুর খবর ও মৃতদেহ দাফনের আগে তাদের জানানো হয়নি। এ কারণে তিনি এ টাকা থেকে বঞ্চিত। তবে রহিমা বলেন, দাফনের আগেই মৃত্যুর খবর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার নিয়ম তাঁদের জানা ছিল না। এদিকে অবসর গ্রহণের প্রায় দেড় বছর পর মারা যাওয়ায় সেনাবাহিনীর ‘পরিবার নিরাপত্তা প্রকল্প’ (বিমা) থেকে প্রাপ্য এক লাখ টাকাও পাননি তিনি। রহিমা খাতুন বলেন, ‘আমার স্বামী মুক্তিযুদ্ধে ১ নম্বর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধীনে অংশ নেন। তিনি ১৯৮৭ সালের ৩০ নভেম্বর অসুস্থতার কারণে চাকরির জন্য সাময়িকভাবে অবিবেচিত হওয়ায় অবসর নেন। এর আগে তিনি যশোর সেনানিবাসে কর্মরত ছিলেন। অবসরের পর তিনি মাসে এক হাজার ৮৯১ টাকা করে পেনশন পান। ১৯৮৯ সালের ১১ মে স্বামীর মৃত্যুর পর পেনশনের টাকাও বন্ধ হয়ে যায়। এ টাকা পেতে আমি চট্টগ্রাম সেনানিবাসে সংশ্লিষ্ট কর্মকর্তার দ্বারস্থ হই। আমি কারও কাছে দয়া বা ভিক্ষা চাই না; প্রাপ্যটা চাই।’ রহিমা খাতুন জানান, স্বামী মারা যাওয়ার পর তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলায় বোনের বাড়িতে গিয়ে ওঠেন। গত ২৩ বছর ধরে তিনি বিভিন্ন জনের কাছে ধরনা দিয়ে চলেছেন। সন্তানদের নিয়ে খেয়ে না-খেয়ে তাঁর জীবন কাটছে। স্বামীর রেখে যাওয়া যে সামান্য জমি ছিল, তা-ও বিক্রি করে দিয়েছেন। টাকার অভাবে ছোট ছেলের পড়াশোনা বন্ধ রয়েছে। ছোট মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি। কষ্টের কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন রহিমা খাতুন। তিনি বলেন, ‘এই পেনশনের টাকা পেতে আমি কী করিনি! ক্যান্টনমেন্টে বারবার গিয়েছি, মানুষের কাছে ধরনা দিয়েছি, অনুনয়-বিনয় করে আবেদন জানিয়েছি। কিন্তু এ ব্যাপারে কিছুতেই কিছু হয়নি। তবে দুই বছর ধরে স্বামীর মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছি।’ তাঁর ছেলে সানোয়ারুল করিম বলেন, ‘আমার ছোটবেলা থেকেই মা এ ব্যাপারে অফিসে অফিসে ঘুরছেন। অনেক কষ্টে আমাদের মানুষ করছেন।’ মেয়ে মুক্তা খাতুন বলেন, ‘বাবা সরকারি চাকরি করা সত্ত্বেও ২৩ বছর ধরে আমরা বস্তির মতো ঘরে অসহায় জীবন কাটাচ্ছি। এখন দু-একজন ছাত্র পড়িয়ে যে টাকা পাই, তা দিয়ে নিজের ও পরিবারের খরচ চালাই।’ কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া বলেন, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর মৃত্যুর পর তাঁর পেনশনের টাকা পেতে রহিমা খাতুনের বিভিন্ন জনের কাছে ধরনা দেওয়ার বিষয়টি তিনি অবগত আছেন।