অবসরকালীন সুবিধাবঞ্চিত শিক্ষকদের তালিকা করার নির্দেশ
অবসর নেওয়ার ছয় মাস পেরিয়ে যাওয়ার পরও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের যেসব শিক্ষক অবসরকালীন সুবিধা পাননি, তাঁদের তালিকা করে তিন মাসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রিটায়ারমেন্ট বেনিফিট বোর্ডের চেয়ারম্যান, সদস্যসচিব ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (শিক্ষক ও কর্মচারী) ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যসচিবকে এ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ মঙ্গলবার রুলসহ এ আদেশ দেন।
‘জীবনসায়াহ্নে ৭৩ হাজার শিক্ষকের আহাজারি’ শিরোনামে ৫ অক্টোবর একটি দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। এটি যুক্ত করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে চার আইনজীবী রিটটি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।
অবসরে যাওয়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের অবসরকালীন সুবিধা ও কল্যাণ তহবিলের সুবিধা প্রদানে ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং আইন অনুসারে এসব সুবিধা প্রদানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব, শিক্ষাসচিব, অর্থসচিব, রিটায়ারমেন্ট বোর্ডের চেয়ারম্যান, ওয়েলফেয়ার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ ১৫ বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আইনজীবী মনজিল মোরশেদ প্রথম আলোকে বলেন, আইন অনুসারে অবসর নেওয়ার ছয় মাসের মধ্যে অবসরকালীন সুবিধাদি ৮০ শতাংশ পরিশোধ করার নিয়ম রয়েছে। এরপর বাকি ২০ শতাংশের বিষয়ে যদি আপত্তি থাকে, তা নিষ্পত্তির পর ওই ২০ শতাংশ প্রদানের বিষয়ে সিদ্ধান্ত হবে। অথচ গণমাধ্যমের খবরে দেখা যাচ্ছে, মানুষ গড়ার কারিগর শিক্ষকদের শেষজীবনে এসে দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে। তিন থেকে পাঁচ বছর পেরিয়ে গেলেও তাঁরা এ সুবিধা পাচ্ছেন না। এটি মানবাধিকারের পরিপন্থী বলে রিটটি করা হয়।