অবসরপ্রাপ্ত রেল কর্মকর্তাকে অপহরণের অভিযোগ
চাঁদপুরের ফরিদগঞ্জে আবদুল খালেক (৬২) নামে রেলওয়ের অবসরপ্রাপ্ত এক কর্মকর্তাকে দুর্বৃত্তরা তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। গতকাল বুধবার রাত আটটার দিকে ফরিদগঞ্জের রূপসা বাজার থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে আবদুল খালেকের ছোট ভাই আবদুল মতিন ফরিদগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
তবে পুলিশের দাবি, ঘটনাস্থলে গিয়ে অপহরণের কোনো আলামত মেলেনি। তাঁদের ধারণা, আবদুল খালেক আত্মগোপন করেছেন।
সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, বালি দিয়ে পুকুর ভরাটের বিষয় নিয়ে গতকাল সন্ধ্যায় রূপসা বাজার এলাকায় প্রতিবেশী বিল্লাল হোসেনের সঙ্গে আবদুল খালেকের কথা-কাটাকাটি হয়। এ সময় বিল্লালসহ অজ্ঞাত আরও দুজন ব্যক্তি খালেককে সিএনজিচালিত অটোরিকশায় করে তুলে নিয়ে যায়। এর পর থেকে খালেককে খুঁজে পাওয়া যাচ্ছে না।
ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘অভিযোগ পেয়ে গতকাল রাতেই আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে আবদুল খালেককে অপহরণ বা তুলে নেওয়ার কোনো আলামত পাইনি। ধারণা করা হচ্ছে, খালেক নিজেই আত্মগোপন করে আছেন।’