অবসরপ্রাপ্ত সচিব সাজতেন তিনি
অবসরপ্রাপ্ত সচিবের পরিচয় দিয়ে এক প্রতারক গাইবান্ধা জেলা প্রশাসকের গাড়ি ব্যবহার করেন। এ ঘটনায় সরকারের উচ্চপর্যায়ে তোলপাড় শুরু হয়। এ নিয়ে গাইবান্ধা সদর থানায় মামলাও হয়েছে। ঘটনার চার মাস পর গত বুধবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাঁকে গাইবান্ধা কারাগারে রাখা হয়েছে। ওই ব্যক্তি অসংখ্যবার সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে প্রতারণা করেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।জেলা প্রশাসন, পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ২১ জানুয়ারি সকাল ১০টায় নজরুল ইসলাম নামের এক ব্যক্তি নিজেকে অবসরপ্রাপ্ত সচিব পরিচয় দিয়ে জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামকে ফোন করেন। তিনি ফোনে জেলা প্রশাসককে বলেন, ‘আমার আত্মীয় ড. হাবিবুর রহমান ও বর্তমান প্রধান বিচারপতির ছোট ভাইসহ কয়েকজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ২৫ জানুয়ারি তাবলিগ জামাতে যোগ দিতে গাইবান্ধা যাবেন।’ তিনি ওই দলের বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য জেলা প্রশাসকের গাড়ি দিয়ে সহযোগিতা করার অনুরোধ করেন।জেলা প্রশাসক তাঁকে নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) আবুল কাশেম মো. শাহীনের সঙ্গে যোগাযোগ করতে বলেন। তথাকথিত সচিব নজরুল ইসলাম ২৫ জানুয়ারি সকাল নয়টায় ওই সব কর্মকর্তাকে সরকারি গাড়িতে করে গাইবান্ধা শহরের অদূরে বালাসি নৌঘাটে পৌঁছে দেওয়ার জন্য মুঠোফোনে এনডিসিকে অনুরোধ করেন। তাঁর অনুরোধে এনডিসি শাহীন জেলা প্রশাসনের একটি পাজেরো গাড়ি (গাইবান্ধা-ঘ-১১-০০০১) সকাল সোয়া নয়টায় শহরের রেলস্টেশন-সংলগ্ন মারকাস মসজিদে পাঠান। মসজিদ থেকে প্রতারক হাবিবুর রহমানসহ অন্য ব্যক্তিদের ছয় কিলোমিটার দূরে বালাসিতে পৌঁছে দিয়ে গাড়ি নিয়ে চালক জেলা প্রশাসকের কার্যালয়ে ফিরে আসেন। চালক মো. শরীফ বলেন, ‘তাঁরা বালাসি ঘাটে গাড়ি থেকে নেমেই শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় ব্রহ্মপুত্র নদ পাড়ি দেন। গাড়িতে ভ্রমণকালে তাঁরা ফুলছড়ি উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে তাবলিগে যাবেন বলে শুনেছি।’এদিকে প্রতারকদের কথাবার্তায় সন্দেহ হলে জেলা প্রশাসক বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগকে জানান। কিন্তু ওই নামে অবসরপ্রাপ্ত কোনো সচিবকে খুঁজে পাওয়া যায়নি। এ নিয়ে সরকারের উচ্চপর্যায়ে তোলপাড় শুরু হয়। তদন্তে মাঠে নামে বিভিন্ন গোয়েন্দা সংস্থা।জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, ‘হাবিবুর রহমান একজন প্রতারক। দৃশ্যত অবসরপ্রাপ্ত কোনো সচিব ফোন করেননি। ওই হাবিবুরই সাবেক সচিব নজরুল ইসলাম সেজে সরকারি গাড়ি ব্যবহারের অবৈধ সুযোগ নেন। হাবিবুর রহমান দেশের বিভিন্ন জেলায় প্রতারণা করেছেন শুনেছি।’গত ১২ ফেব্রুয়ারি এনডিসি আবুল কাশেম মো. শাহীন বাদী হয়ে গাইবান্ধা থানায় একটি মামলা করেন। গত বুধবার ঢাকার উত্তরার একটি ভাড়া বাসা থেকে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাঁকে উত্তরা থানায় সোপর্দ করা হয়। উত্তরা থানা থেকে বৃহস্পতিবার ভোরে তাঁকে গাইবান্ধা সদর থানায় নেওয়া হয়। ওই দিন দুপুরে হাবিবুরকে গাইবান্ধা মুখ্য বিচারিক হাকিম মো. জালাল উদ্দিনের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।মামলার তদন্ত কর্মকর্তা গাইবান্ধা সদর থানার উপপরিদর্শক মো. মফিজ মিয়া জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাবিবুর রহমান (৪৫) জেলা প্রশাসকের সঙ্গে প্রতারণা করে সরকারি গাড়ি ব্যবহারের কথা স্বীকার করেছেন। এর আগেও তিনি সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে অসংখ্যবার প্রতারণা করেছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে।