অবসরপ্রাপ্ত সচিবসহ দুজনের লাশ উদ্ধার
পুরান ঢাকার দুটি আবাসিক হোটেল থেকে গতকাল সোমবার দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁদের একজন বাহার উদ্দিন আহমেদ (৭০) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব। অপরজন তোফাজ্জেল হোসেন (৪২) চট্টগ্রামের খুলশী এলাকার ব্যবসায়ী। তাঁদের মৃত্যুর কারণও নিশ্চিত হওয়া যায়নি। গতকাল সোমবার দুজনের লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নবাবপুর রোডের আবাসিক হোটেল নিরিবিলি থেকে বাহার উদ্দিন আহমেদের লাশ উদ্ধার করা হয়। তিনি গত দুই মাস ওই হোটেলের ১২ নম্বর কক্ষ ভাড়া নিয়ে অবস্থান করছিলেন। হোটেলের কর্মীদের উদ্ধৃতি দিয়ে বংশাল থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, গতকাল সকালে সাবেক অতিরিক্ত সচিব বাহার উদ্দিন বুকে ব্যথা অনুভব করলে হোটেলের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করলে হোটেলের কর্মীরা তাঁর লাশ হোটেলে নিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। পুলিশ জানায়, কয়েক বছর আগে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর বাহার বিভিন্ন আবাসিক হোটেলে থাকতেন। তাঁর তিন ছেলেই আমেরিকায় থাকেন। এদিকে ওয়ারী থানার পুলিশ জানিয়েছে, নবাবপুরের বিসিসি রোডের আল-হাসান আবাসিক হোটেলের ২১০ নম্বর কক্ষ থেকে ব্যবসায়ী তোফাজ্জেল হোসেনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। গত মাসের ১৬ তারিখ থেকে ওই ব্যক্তি ব্যবসায়ী পরিচয়ে হোটেলটিতে অবস্থান করছিলেন। ওয়ারী থানার এসআই মোহাম্মদ হোসেন জানান, হোটেলের নথিতে তোফাজ্জেলের বর্তমান ঠিকানা চট্টগ্রামের কাটাতলা রেলওয়ে কলোনি লেখা রয়েছে। ঠিকানা যাচাই ও স্বজনদের খুঁজতে স্থানীয় থানায় বার্তা পাঠানো হয়েছে।