অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের অর্ধেকের জীবন চলে ঋণ করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপ অনুযায়ী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৪৫ শতাংশই ঋণগ্রস্ত। এর মধ্যে ৪৪ শতাংশেরই ঋণ পরিশোধের কোনো সক্ষমতা নেই। অর্থাৎ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রায় অর্ধেকেরই ঋণ পরিশোধের সামর্থ্য নেই। প্রাত্যহিক চাহিদা মেটাতেই সরকারি কর্মকর্তাদের ঋণগ্রস্ত হতে হচ্ছে। কারণ, অবসরের পর এসব কর্মকর্তা-কর্মচারীর যে আয়, তাতে তাঁদের দৈনন্দিন চাহিদা মিটছে না। 
অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর বিবিএস এ জরিপ করেছে। সংস্থাটির জরিপের ফলাফল বলছে, খাদ্যসামগ্রী বাবদ পেনশনভোগী অবসরপ্রাপ্ত একজন সরকারি কর্মকর্তার পরিবারের মাসিক খরচ হয় প্রায় আট হাজার টাকা। অথচ এসব কর্মকর্তার মধ্যে প্রায় ৫৩ শতাংশ অবসরকালীন ভাতা পান এক হাজার থেকে সর্বোচ্চ তিন হাজার টাকা।
অথচ বিবিএসের জরিপ বলছে, বর্তমান বাজারে একজন অবসরভোগীর পরিবারের মাসিক গড় ব্যয় প্রায় ১৮ হাজার টাকা। এর মধ্যে বড় অংশই ব্যয় হয় থাকা-খাওয়া ও চিকিৎসা বাবদ।
হিসাব মহানিয়ন্ত্রক আবুল কাশেম (সিজিএ) প্রথম আলোকে জানান, বর্তমানে দেশে অবসরকালীন সুবিধাভোগী (রেলওয়ে, সশস্ত্র বাহিনী বাদে) সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা প্রায় সাড়ে পাঁচ লাখ। বছরে এ খাতে গড়ে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা খরচ হয়। গত জুন মাসে অবসরকালীন ভাতা, এককালীন প্রভিডেন্ড ফান্ড বাবদ প্রায় ৭৮৫ কোটি টাকা খরচ হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের মাধ্যমেই অবসরকালীন আর্থিক সুবিধা পেয়ে থাকেন।
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পরিচালক কামরুজ্জামান প্রথম আলোকে জানিয়েছেন, সারা দেশে তাঁদের সমিতির কার্যক্রম রয়েছে। অবসরপ্রাপ্ত ব্যক্তিদের প্রায় ৬৭ হাজার সমিতির সদস্য। এসব সদস্যের মধ্যে যাঁরা অসচ্ছল, তাঁদের সমিতির পক্ষ থেকে আর্থিকভাবে সহায়তা দেওয়া হয়। এ খাতে প্রতিবছর দেড় কোটি টাকা ব্যয় হয়।
কামরুজ্জামান আরও জানান, নগদ সহায়তা ছাড়াও সমিতির নিজস্ব হাসপাতালে সদস্যদের জন্য বিনা মূল্যে চিকিৎসার ব্যবস্থা রয়েছে। তবে চাহিদার তুলনায় এসব সহায়তা খুবই অপ্রতুল।
বিবিএসের তথ্য অনুযায়ী, অবসরকালীন ভাতা ছাড়া বেশির ভাগ অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর আর কোনো আয় নেই। এ কারণে অবসরপ্রাপ্তদের প্রায় ৯৭ শতাংশের দাবি, তাঁদের জন্য বিশেষ সাশ্রয়ী দামে প্রতিদিনের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও বিশেষ স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হোক। ৯৮ শতাংশের দাবি, নতুন পে-স্কেলের আওতায় অবসরকালীন ভাতা সমন্বয় করা হোক। ৯২ শতাংশ গণপরিবহনে তাঁদের জন্য সাশ্রয়ী ভাড়ায় ভ্রমণের ব্যবস্থা এবং ৮৪ শতাংশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী ‘জ্যেষ্ঠ নাগরিক’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি চেয়েছেন। পাশাপাশি ৫৫ শতাংশ প্রবীণ নিবাসের প্রয়োজনীয়তার কথা বলেছেন।
বিবিএসের তথ্য অনুযায়ী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ৭৯ শতাংশের সরকারি ভাতা ছাড়া দ্বিতীয় কোনো আয়ের উৎস নেই। ফলে এঁদের অধিকাংশকেই ঋণগ্রস্ত হতে হচ্ছে। আর সেই ঋণ পরিশোধের সক্ষমতা তাঁদের নেই।
তবে অবসরপ্রাপ্ত বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনযাত্রার ওপর বিবিএসের কোনো জরিপ নেই বলে জানিয়েছেন সংস্থাটির এক পরিচালক। এ কারণে অবসরপ্রাপ্ত বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবসরকালীন জীবনযাত্রা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে অবসরপ্রাপ্ত বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য অবসরকালীন কোনো ভাতার ব্যবস্থা নেই।
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, প্রতিবছর গড়ে ২৬ হাজার সরকারি কর্মকর্তা-কর্মচারী অবসরে যান। ২০১০-১১ সালে অবসরে গেছেন ২৮ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী। পরের দুই বছরে এই সংখ্যা ছিল যথাক্রমে ৩০ ও ২০ হাজারের বেশি।
জরিপের অংশ হিসেবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ—এই চার শ্রেণির অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাছে বিবিএসের জরিপ দল জানতে চেয়েছিল, অবসরকালীন আয় দিয়ে প্রতিদিনের খরচ মেটানো যায় কি না? প্রথম শ্রেণির কর্মকর্তাদের ৪৫ শতাংশই বলেছেন, ওই আয়ে তাঁদের প্রতিদিনের চাহিদা মেটে না। দ্বিতীয় শ্রেণির ৫২ শতাংশ, তৃতীয় শ্রেণির ৬৫ শতাংশ এবং চতুর্থ শ্রেণির ৭৭ শতাংশ সরকারি কর্মকর্তা-কর্মচারীও চাহিদা পূরণ না হওয়ার কথা জানিয়েছেন।
সারা দেশের দুই হাজার ৩০০ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীর ওপর জরিপ চালিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এঁদের মধ্যে ৭০০ জন ছিলেন প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা, ৯০০ তৃতীয় শ্রেণির ও বাকি ৭০০ চতুর্থ শ্রেণির কর্মচারী। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সহায়তায় এই জরিপটি করা হয়েছে।
কেমন চলছে জীবন: মোহাম্মদ ওয়ালিউল্লাহ। বর্তমান বয়স ৭২ বছর। ছয় ছেলেমেয়ে, স্ত্রী মিলিয়ে আটজনের পরিবার। ২০০০ সালে সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন। অবসরের আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘প্রশাসনিক কর্মকর্তা’ পদে কর্মরত ছিলেন। অবসরের পর এককালীন সরকারের কাছ থেকে পেয়েছেন সাড়ে তিন লাখ টাকা। আর এখন অবসরকালীন ভাতা হিসেবে প্রতি মাসে পান ছয় হাজার টাকা।
এ টাকায় পরিবার কীভাবে চলছে অবসরপ্রাপ্ত এই সরকারি কর্মকর্তার প্রতিদিনের জীবন? জানতে চাইলে ওয়ালিউল্লাহ প্রথম আলোকে বলেন, ‘নিজের অবসরকালীন ভাতা দিয়ে কোনোভাবেই সংসার চলে না। ছেলেরা মাসে মাসে কিছু টাকা দেয়, তা দিয়েই চলে সংসার।’ তিনি আরও বলেন, ‘বার্ধক্যজনিত নানা রোগব্যাধি লেগেই আছে। অর্থাভাবে সব সময় ভালো চিকিৎসকের কাছে যাওয়া হয় না। তাই রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির হাসপাতালে নিয়মিত চিকিৎসা নিই।’ কথায় কথায় তিনি জানালেন, চার মেয়ের মধ্যে এখনো দুই মেয়ে অবিবাহিত। সংসার খরচ, চিকিৎসা খরচের পাশাপাশি মেয়েদের বিয়ের চিন্তাও তাঁকে প্রতিনিয়ত ভাবায়।