অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও নৈশপ্রহরী খুন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পারমনোহারা মণ্ডলপাড়া গ্রামে শামসুল ইসলাম (৭০) নামের অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার সকালে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। একই দিনে ঠাকুরগাঁও শহরের আরকে স্টেট উচ্চবিদ্যালয়ের নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।উল্লাপাড়া থানা ও শামসুল ইসলামের ভাই মাযদার হোসেন জানান, গত মঙ্গলবার রাতে খাওয়াদাওয়া করে নিজ ঘরে বিছানায় ঘুমিয়ে পড়েন শামসুল। পরদিন সকাল ১০টার দিকে বিছানার ওপর তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর গলায় একাধিক জখমের চিহ্ন রয়েছে। শামসুল দীর্ঘদিন ধরে একা বসবাস করছিলেন। ছেলেমেয়েরা সবাই গ্রামের বাইরে থাকেন। ঠাকুরগাঁওয়ের আরকে স্টেট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, গতকাল সকাল সাড়ে আটটার দিকে এলাকার লোকজন বিদ্যালয়ের বারান্দায় নৈশপ্রহরী সিরাজুল ইসলামের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ লাইনের পেছনের এলাকা থেকে মো. রাজু নামের একজনকে আটক করেছে। ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন জানান, দুর্বৃত্তরা মাথায় আঘাত করায় সিরাজুল মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহত ব্যক্তির ছোট ভাই খালেসুর রহমান ঠাকুরগাঁও থানায় মামলা করেছেন।