ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজ হওয়ার ছয় দিন পর গত শুক্রবার রাতে অবসরপ্রাপ্ত এক সেনাসদস্যের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো. আবদুস সালাম মোল্লা (৪৭)। এদিকে গাজীপুর সদরের হায়দরাবাদ এলাকায় গতকাল শনিবার সকালে রেহেনা পারভীন (২৮) নামের এক গৃহবধূ খুন হয়েছেন।আখাউড়ায় সেনাসদস্য আবদুস সালাম হত্যার ঘটনায় গতকাল নিহতের স্ত্রী তাহমিনা বেগম আখাউড়া থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ধর্মনগর গ্রামের আবদুস সালাম গত রোববার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেননি। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। গত শুক্রবার বিকেলে পাশের বাড়ির একটি বাঁশঝাড় থেকে এলাকাবাসী জবাই করা গলিত একটি লাশ দেখতে পায়। গায়ের জামা, পরনের লুঙ্গি ও শরীরের গঠন দেখে নিহতের স্বজনেরা লাশের পরিচয় নিশ্চিত করে। খবর পেয়ে রাত নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।তাহমিনা বেগম জানান, তাঁর স্বামী ১৯৯৯ সালের জানুয়ারি মাসে সেনাবাহিনী থেকে অবসর নেন। অবসর নেওয়ার সময় তিনি ল্যান্স নায়েক ছিলেন।আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাম্মাদ হোসেন জানান, এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।গাজীপুরে রেহেনা পারভীন খুন হওয়ার ঘটনায় এলাকাবাসী জানান, জমিজমা নিয়ে বেশ কিছুদিন ধরে হায়দারাবাদ এলাকার বিল্লাল হোসেনের সঙ্গে তাঁর ভাগিনা ইসমাইলের বিরোধ চলছে। গতকাল সকালে এ নিয়ে মামি রেহেনার সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে ইসমাইল তাঁকে বঁটি দিয়ে মাথায় কোপ দেন। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রেহেনা মারা যান।খবর পেয়ে জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আ. করিম ঘটনাস্থলে যান। এসআই সাংবাদিকদের জানান, ঘটনার পর থেকে ইসমাইল পলাতক। জয়দেবপুর থানার ওসি আবদুর রশিদ জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।গাজীপুরে কিশোরের গলিত লাশ উদ্ধার: গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের কাছে কুমার খাদা এলাকার জঙ্গল থেকে গতকাল শনিবার শরিফ হোসেন (১৩) নামের এক কিশোরের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকায়।শরিফের মা শরিফা বেগম জানান, শরিফ দৈনিক ১০০ টাকা মজুরিতে একটি লেগুনার চালকের সহকারী হিসেবে কাজ করত। কিছুদিন আগে লেগুনার চালক দেলোয়ার হোসেন তিন দিনের মজুরি বকেয়া রেখে শরিফকে কাজ থেকে বাদ দেন। পরে গত ২৩ এপ্রিল দেলোয়ার শরিফকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এর পর থেকে সে নিখোঁজ ছিল। লাশ উদ্ধারের পর গতকাল তিনি দেলোয়ার হোসেনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা করেছেন।স্থানীয় হোতাপাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই কামাল হোসেন জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।