অবসরসুবিধা বোর্ডের জন্য চাঁদা বাড়ানোর প্রতিবাদে কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের অবসরসুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য চাঁদার হার বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে ছয় দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষক ও শিক্ষাকর্মীদের ১১টি সংগঠনের জোট জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট।

গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এ সময় আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে পরবর্তী কর্মসূচি নেওয়ারও ঘোষণা দেওয়া হয়।

ফ্রন্টের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন। দাবি পূরণে ১৮ জুলাই জেলা শহরগুলোতে সংবাদ সম্মেলন, ২০ জুলাই মানববন্ধন, ২৮ জুলাই শিক্ষক-কর্মচারী সমাবেশ ও স্মারকলিপি প্রদান, ২৩ জুলাই উপজেলা শহরগুলোতে মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি আসাদুল হক, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মো. আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়েজ হোসেন, বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতির মহাসচিব মোহাম্মদ আলী চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।