
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণসুবিধার অর্থ সময়মতো দিতে সরকার সাড়ে ৬০০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল শনিবার রাজধানীর শিক্ষক প্রশিক্ষণ কলেজে হজে যেতে ইচ্ছুক অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণসুবিধার চেক প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা বলেন। অনুষ্ঠানে অবসরে যাওয়া ১ হাজার ৩৭ জনকে অবসর ও কল্যাণসুবিধার জন্য মোট ৪৯ কোটি ৪১ লাখ ৪৮ হাজার টাকার চেক দেওয়া হয়।
শিক্ষামন্ত্রী বলেন, অবসরসুবিধার জন্য ৫০০ কোটি টাকা ‘সিডমানি’ ও ১০০ কোটি টাকা থোক হিসাবে দেওয়া হচ্ছে। আর কল্যাণসুবিধার জন্য থোক বরাদ্দ দেওয়া হচ্ছে ৫০ কোটি টাকা। এ ছাড়া শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে এত দিন মূল বেতনের যে অংশ কেটে রাখা হতো, তার হারও বাড়ানো হচ্ছে। এর মধ্যে প্রতি মাসে একেকজন শিক্ষক-কর্মচারীর কাছ থেকে অবসরসুবিধার জন্য মূল বেতনের ৬ ও কল্যাণসুবিধার জন্য ৪ শতাংশ টাকা নেওয়া হবে। বর্তমানে অবসরের জন্য ৪ শতাংশ ও কল্যাণসুবিধার জন্য ২ শতাংশ টাকা কেটে রাখা হয়।
অবসরে যাওয়া শিক্ষক-কর্মচারীদের অবসরসুবিধার টাকা যথাসময়ে পরিশোধ করতে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে অর্থ সহায়তা নিয়ে একটি তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।
অবসরের পরপরই টাকা পাওয়ার কথা থাকলেও এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চার বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। এই তহবিলে যথেষ্ট পরিমাণ টাকা না থাকায় এ নিয়ে তাঁদের ভোগান্তির শেষ নেই। সারা দেশে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সংখ্যা প্রায় ৪ লাখ ৮০ হাজার। বর্তমানে প্রায় ৪৪ হাজার শিক্ষক-কর্মচারী অবসরসুবিধার টাকা পেতে অবসর-সুবিধা বোর্ডে আবেদন করেছেন। আর কল্যাণসুবিধার জন্য আবেদন জমা আছে প্রায় ৩০ হাজার।
শিক্ষামন্ত্রী বলেন, টাকা বরাদ্দসহ নতুন পদক্ষেপের ফলে আবেদন জমাকারীদের অবসর ও কল্যাণসুবিধার চেক দেওয়ার পথ সুগম হবে।
শিক্ষাসচিব সোহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. ওয়াহিদুজ্জামান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্যসচিব শরীফ আহমদ প্রমুখ।