অবসরে গেলে আর নতুন চাকরি পেলে লাভ বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের সাক্ষাৎ পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন একজন অতিরিক্ত সচিব। আলাপচারিতার একপর্যায়ে বললেন, নতুন বেতন স্কেল কার্যকর হলে তিনি পেনশন বাবদ মোট কত টাকা পাবেন, সেই হিসাব কষেছেন সোমবার রাতেই।
গতকাল দুপুরে তাঁর সঙ্গে আলোচনার সময় সেখানে দুই যুগ্ম সচিব ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আকস্মিক সচিবালয়ে যাওয়ায় জ্যেষ্ঠ সচিব কক্ষে ছিলেন না। দাপ্তরিক কাজে এসে অপেক্ষা করা ওই তিন সরকারি কর্মকর্তা নানা আলোচনার মধ্যে জাতীয় বেতন স্কেলের বিষয়টি তোলেন।
আলোচনার সূত্র ধরে কত টাকা পেনশন পাবেন, জানতে চাইলে অতিরিক্ত সচিব বলেন, নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী স্বাভাবিকভাবে অবসরে গেলে তিনি প্রায় ৭২ লাখ টাকা পাবেন। আগের স্কেল অনুযায়ী পেতেন ৩৮ লাখ টাকা।
দুই যুগ্ম সচিবও বললেন, নতুন বেতন স্কেলে সবচেয়ে বেশি লাভবান হবেন অবসরে যাওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। একদিকে মূল বেতন ৯১ থেকে ১০১% বেড়েছে, অন্যদিকে মূল বেতনের ৯০ শতাংশ ভিত্তি ধরে পেনশন হিসাব করা হবে।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন বেতন স্কেল কার্যকর করায় পেনশন খাতে অতিরিক্ত অর্থ লাগবে ৩ হাজার ৬৯১ কোটি ৩৪ লাখ টাকা। বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের আওতায় কর্মরত ও অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের জন্য ট্রাস্ট ব্যাংকের আদলে ৪০০ কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে ‘সমৃদ্ধ সোপান ব্যাংক’ বা অন্য কোনো উপযুক্ত নামে একটি ব্যাংক গঠনের সুপারিশ করা হয়েছে। সচিব কমিটিও মনে করে, দেশের ৫ লাখ ২০ হাজার পেনশনভোগীর পেনশন কার্যক্রম পরিচালনার জন্য অর্থ বিভাগের আওতায় একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান বা দপ্তর সৃষ্টি করা যেতে পারে।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, অবসরভোগীদের সর্বনিম্ন পেনশন হবে মাসিক দুই হাজার টাকা, মাসিক চিকিৎসা ভাতা ৬৫ বছর পর্যন্ত ৭০০ টাকা থেকে বাড়িয়ে দেড় হাজার টাকা এবং ৬৫ বছরের বেশি বয়স্কদের জন্য এই ভাতা এক হাজার থেকে বাড়িয়ে আড়াই হাজার টাকা করা হয়েছে। মৃত্যু বা অক্ষমতার বিষয়টি উদার ও মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে পেনশনযোগ্য ন্যূনতম চাকরিকাল পাঁচ বছর করা হয়েছে।
একাধিক পদস্থ সরকারি কর্মকর্তা জানিয়েছেন, টাকার অঙ্ক বেড়ে যাওয়ায় এখন অবসরপ্রাপ্তদের এককালীন টাকা তুলে নেওয়ার প্রবণতা কমবে। অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী যত দিন বেঁচে থাকবেন, তত দিন পেনশন ছাড়াও স্ত্রী, ক্ষেত্রবিশেষে কন্যা আজীবন এই টাকা পেয়ে থাকেন।
গত সোমবার মন্ত্রিসভা বেসামরিক ও সামরিক কর্মকর্তা-কর্মচারীদের জন্য অষ্টম জাতীয় বেতন স্কেল অনুমোদন করে। এ নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে কিছু বিষয়ে ভিন্নমত বা অসন্তোষ থাকলেও সামগ্রিকভাবে স্বস্তি লক্ষ করা গেছে। পর্যালোচনায় দেখা গেছে, অষ্টম জাতীয় বেতন স্কেলে কেউ বেশি লাভবান হবেন, কেউ কম লাভবান হবেন। তবে সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা মোটেও খুশি নন।
১৯৭৩ সালের আগে দেশে শিক্ষকদের জন্য পৃথক বেতন স্কেল ছিল। ওই বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান আমলে বিদ্যমান ২ হাজার ২০০টি স্কেল সমন্বয় করে ১০টি গ্রেড তৈরি করেন। ১৯৭৭ সালের ২০টি গ্রেড করা হয়। তখন থেকে এ পর্যন্ত উচ্চ আদালতের রায়ে বিচার বিভাগ পৃথক বেতন স্কেল পেয়েছে।
২১ লাখ চাকরিজীবীর বেতন বাড়লজানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, পৃথক বেতন স্কেল গঠনের বিষয়টি মৌলিক বিষয়। এটা করার এখতিয়ার বেতন কমিশন বা সচিব কমিটির নেই বলে বিষয়টি বেতন বৈষম্য নিরসনসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কাছে পাঠানো হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানায়, আগামী এক মাসের মধ্যে অর্থ বিভাগ অষ্টম জাতীয় বেতন স্কেল কার্যকর করার প্রজ্ঞাপন জারি করবে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা বেশ বড় কাজ। মাস খানেক সময় হয়তো লাগবে।
তবে বেতন স্কেল মন্ত্রিসভায় অনুমোদন হওয়ার পর নানা হিসাব-নিকাশ চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন অতিরিক্ত সচিব বলেন, তিনি ২ নম্বর গ্রেডে ৩৩ হাজার ৫০০ টাকা স্কেলে চাকরি করতেন। নতুন জাতীয় বেতন স্কেলে এটা হয়েছে ৬৬ হাজার টাকা, যা প্রায় দ্বিগুণ। কিন্তু প্রকৃতপক্ষে তাঁর বেতন বেড়েছে ৬০ শতাংশের মতো। যুক্তি দিয়ে তিনি বলেন, গত কয়েক বছরে তিনি বার্ষিক প্রবৃদ্ধি পেয়েছেন, তার ওপর এত দিন পাওয়া ২০ শতাংশ মহার্ঘ ভাতা সমন্বয় হবে।
তবে নতুন চাকরিতে যোগ দেওয়া কর্মকর্তা-কর্মচারীরা সবচেয়ে বেশি লাভবান হবেন। বিসিএস পরীক্ষা দিয়ে সরকারি চাকরিতে যোগ দেওয়া একজন কর্মকর্তার শুরুতেই মূল বেতন হবে ২২ হাজার টাকা, যা আগের স্কেলে ছিল ১১ হাজার টাকা।
আবার ২০তম গ্রেডে টাকার অঙ্কে কম হলেও একজন কর্মচারীর বেতন ১০১ শতাংশ বেড়ে ৪ হাজার ১০০ টাকা থেকে ৮ হাজার ২৫০ টাকা হয়েছে। অর্থাৎ চাকরির শুরুতে কর্মচারীরা বেশি লাভবান হবেন।
যদিও সর্বনিম্ন গ্রেডে বেতনের পরিমাণ আরও বাড়ানোর পক্ষে মত দিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত গতকাল ঢাকায় এক আলোচনা সভায় বলেন, ‘শুধু ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকে খেয়াল করলে চলবে না, নিচের লোকজনের দিকেও নজর দিতে হবে। আমরা আশা করেছিলাম, নিচেরটা ৮ হাজার না হয়ে ২০ হাজার হবে।’
অর্থ মন্ত্রণালয়ের একজন সহকারী সচিব প্রথম আলোকে বলেন, নতুন এই বেতন স্কেলে ওপরের স্তরের কর্মকর্তারা বিশেষ করে যাঁদের চাকরির বয়স ১৫ বছর হয়েছে, তাঁরা বেশি উপকৃত হবেন। কিন্তু নিচের স্তরের কর্মকর্তারা কম সুযোগ-সুবিধা পাবেন।
জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সব সময় চাকরিতে নতুন যোগ দেওয়া কর্মকর্তা-কর্মচারীরা লাভবান হবেন, এটাই স্বাভাবিক।
টাইম স্কেল ও সিলেকশন গ্রেড
টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিলে সরকারের যুক্তি মানতে নারাজ কর্মচারীদের একাংশ। তাঁদের মতে, শতকরা হারে বেতন প্রবৃদ্ধির কথা বলা হলেও ওপরের স্তরের কর্মকর্তারাই বেশি লাভবান হবেন।
বাংলাদেশ সচিবালয় কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি নিজামুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, সার্বিকভাবে এই বেতন স্কেল হয়ে গেছে মূলত কর্মকর্তানির্ভর। এতে কর্মচারীরা ক্ষতিগ্রস্ত হবেন। বিশেষ করে টাইম স্কেল বাতিল করায় ৬৫ শতাংশ কর্মচারীর বেশি ক্ষতি হবে।
চাকরির বয়স ৮, ১২ ও ১৫ বছর হলে কর্মচারীরা টাইম স্কেল পেতেন। আর প্রথম শ্রেণির কর্মকর্তা যোগ দেওয়ার চার বছর পর সিলেকশন গ্রেড পান। সিলেকশন গ্রেডে আর্থিক সুবিধা তেমন না থাকলেও টাইম স্কেলে আর্থিক সুবিধা ছিল। যদিও টাইম স্কেল সব কর্মচারী পেতেন না।
এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড ছিল বৈষম্যমূলক ব্যবস্থা এবং এসব সুযোগ সর্বজনীন ছিল না। কিন্তু এখন সরকার বেতন স্কেলের সঙ্গে বার্ষিক প্রবৃদ্ধি নির্দিষ্ট করে দেওয়ায় সবাই এই সুযোগ পাবেন এবং পুঞ্জীভূত হারে (কিউমিলেটিভ) এই প্রবৃদ্ধি বাড়তে থাকবে।
অন্যান্য ভাতা প্রসঙ্গ: কর্মচারীদের গৃহনির্মাণ ঋণ ছিল ১ লাখ ২০ হাজার টাকা, যা একই রাখা হয়েছে। এ প্রসঙ্গে কর্মচারীদের বক্তব্য হচ্ছে, সরকারি কর্মকর্তাদের বিনা সুদে ৪৫ লাখ টাকা গাড়ি কেনার জন্য ঋণ দেওয়া হয় এবং সেটি রক্ষণাবেক্ষণে তাঁরা ৪৫ হাজার টাকা পান। কিন্তু কর্মচারীদের গৃহনির্মাণ ঋণ একই থাকছে, যা বৈষম্যমূলক।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, গৃহঋণ ও গাড়ি কেনার ঋণ যেমন আছে, তেমনই থাকবে। তবে এগুলো পর্যালোচনা করে দেখার সিদ্ধান্ত হয়েছে।
এই প্রথম যুক্ত হওয়া বাংলা নববর্ষ ভাতা নিয়ে কর্মকর্তা-কর্মচারী নির্বিশেষে সবাই সন্তোষ প্রকাশ করেছেন। এই বেতন স্কেলের আওতায় আসা চাকরিজীবীরা মূল বেতনের ২০ শতাংশ নববর্ষ ভাতা পাবেন। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এই খাতে বছরে সরকারের খরচ হবে ৫৫০ কোটি ১৮ লাখ টাকা।
তবে ২০ শতাংশ প্রেষণ ভাতা (ডেপুটেশন) স্থগিত করায় কর্মকর্তাদের অনেকেই হতাশ হয়েছেন। তবে অর্থ বিভাগ মনে করে, এই ২০ শতাংশ ভাতার জন্য প্রেষণে যাওয়ার প্রবণতা চাকরির শৃঙ্খলার জন্য ক্ষতিকর প্রতীয়মান হওয়ায় এটি রহিত করা আবশ্যক হয়ে পড়ে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, তবে দক্ষ জনসম্পদ সৃষ্টির স্বার্থে প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেষণে নিয়োজিত সব কর্মকর্তা, যাঁরা কেবল প্রশিক্ষণে নিয়োজিত থাকবেন, তাঁদের জন্য এই ভাতা চালু রাখা হবে।
চাকরিজীবীদের শিক্ষা সহায়ক ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, ধোলাই ভাতা ও টিফিন ভাতার বিদ্যমান হার বৃদ্ধি করা হবে। শিগগির এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে। এ ছাড়া শ্রান্তি ও বিনোদন ভাতা, কার্যভার ভাতা, পাহাড়ি ভাতা, আপ্যায়ন ভাতা, পোশাক, অধিকাল ভাতা, ডোমেস্টিক এইড অ্যালাউন্স, বদলিজনিত ভ্রমণ ভাতা আগের মতোই থাকবে।
পুলিশ, র‌্যাব, আনসার, বিজিবি, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, নার্সসহ বিভিন্ন সার্ভিস ও সংস্থার জন্য প্রচলিত বিভিন্ন ভাতা ২০১৬ সালের ১ জুলাই থেকে ৩০ শতাংশ বাড়ানো হবে। তবে প্রচলিত ভাতার বাইরে ঝুঁকি ভাতা বা অন্যান্য বিশেষ ভাতার ক্ষেত্রে এই বৃদ্ধির হার প্রযোজ্য হবে না।
র‌্যাব, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, আনসার, ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা ও সীমান্ত রক্ষার সঙ্গে জড়িত বাহিনীর সদস্যদের ঝুঁকি ভাতা বাড়ানো হবে, তবে তা নির্দিষ্ট টাকার অঙ্কে এবং আগের প্রাপ্ত ভাতা বিবেচনা করে।
আলোচনায় ঘুষ প্রসঙ্গ: বেতন বাড়লে ঘুষ কমবে? এমন আলোচনাও ছিল বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘প্রায়ই বলা হয়, সরকারি চাকুরেদের বেতন কম, এ জন্য তারা একটু ঘুষ-টুস খায়, যাতে এই জিনিসটা চলে যায়…। আশা করছি, এখন সরকারি চাকুরেরা বেতন কম, এই অভিযোগ আর করতে পারবে না।’
অর্থমন্ত্রী আরও বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল এমন একটি পে-স্কেল দেব, যেটা বাজারের সঙ্গে গ্রহণযোগ্য হবে। বাজারের সমান হবে না।’
তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দ্বিগুণ হওয়ায় সেবার পরিমাণ চার গুণ বাড়ানোর আহ্বান জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত ‘ঘুষ-দুর্নীতি’ বন্ধ করতে বলেছেন। গতকাল ঢাকায় এক আলোচনা সভায় তিনি বলেন, ‘বেতন যেমন দ্বিগুণ হয়েছে, আপনাদের সেবা যেন চার গুণ হয়, আমরা তাই আশা করি। তবে ঘুষের পরিমাণ যেন চার গুণ না হয়।’