অবসরে পাঠানো র্যাবের তিন কর্মকর্তাকে গ্রেপ্তার দাবি আইনজীবীদের
নারায়ণগঞ্জের ঘটনার পর অবসরে পাঠানো র্যাব-১১-এর সাবেক তিন কর্মকর্তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন আইনজীবীরা। গতকাল বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রতিবাদ সভায় এবং গণতান্ত্রিক আইনজীবী সমিতির মানববন্ধনে এ দাবি জানানো হয়।
নারায়ণগঞ্জে আইনজীবী চন্দন কুমার হত্যাসহ সব অপহরণ, গুম ও হত্যার প্রতিবাদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এতে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, নারায়ণগঞ্জের ঘটনায় র্যাবের অধিনায়কসহ তিনজনকে অবসরে পাঠানো হয়েছে। এভাবে অবসর দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। এই তিন কর্মকর্তাকে অবিলম্বে গ্রেপ্তার করে কারাগারে পাঠাতে হবে। তাঁদের রিমান্ডে নিয়ে কীভাবে কোথায় কী হয়েছে, তা বের করতে হবে।
সভায় সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন, বর্তমান সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, সাবেক সম্পাদক এম বদরুদ্দোজা, আইনজীবী গোলাম মোহাম্মদ চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।
চন্দন কুমার সরকার হত্যার বিচারসহ দেশব্যাপী সব অপহরণ, গুম ও খুন বন্ধ এবং আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে মানববন্ধন করে গণতান্ত্রিক আইনজীবী সমিতি। এতে আইনজীবী সুব্রত চৌধুরী, মন্টু ঘোষ, জগলুল হায়দার আফ্রিক, শেখ আখতারুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। এতে সংহতি প্রকাশ করে সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন ও বর্তমান সম্পাদক মাহবুব উদ্দিন খোকন বক্তব্য দেন। মানববন্ধন থেকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী ব্যক্তিদের খুঁজে বের করারও দাবি জানানো হয়।