অবসরে যাওয়ার এক বছর পর চাকরিতে ফিরেছেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছর আগে স্বাভাবিকভাবে চাকরি থেকে অবসর নিয়েছেন। এরপর অবসর প্রস্তুতির সময়ও শেষ করেছেন। এখন পুনরায় আগের চাকরিতে ফিরতে আদালতের শরণাপন্ন হয়েছেন। আদালত তাঁকে চাকরিতে নেওয়া যায় বলে মতামতও দিয়েছেন। সৌভাগ্যবান এই ব্যক্তি হলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের আইন কর্মকর্তা সরওয়ার-ই-আলম। জানা গেছে, চাকরির মেয়াদ বাড়াতে তিনি প্রথমে মুক্তিযোদ্ধা হিসেবে সনদ জমা দেন। কিন্তু পরীক্ষা-নিরীক্ষায় সেটি ভুয়া সনদ প্রমাণিত হওয়ায় আবেদন বাতিল করা হয়। এর পরই তিনি আদালতে যান।চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব মো. সামসুদ্দোহা প্রথম আলোকে বলেন, আইন কর্মকর্তা হিসেবে জুডিশিয়াল সার্ভিস অনুযায়ী সরওয়ার-ই-আলম তিন বছর অতিরিক্ত সময় চাকরি করার এবং দুটি ইনক্রিমেন্টের জন্য আদালতে আবেদন করেন। নিম্ন আদালত তাঁর এই আবেদন খারিজ করে দেওয়ার পর তিনি জজ আদালতে আবেদন করেন। এরপর চট্টগ্রামের অতিরিক্ত জেলা বিচারিক হাকিম (পঞ্চম আদালত) প্রশান্ত কুমার বিশ্বাস সরওয়ার-ই-আলমের পক্ষে রায় দেন। তাঁকে চাকরিতে বহাল করা হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা রায়টি বিচার-বিশ্লেষণ করে দেখছি। প্রয়োজনে আইনজ্ঞের পরামর্শ চাইব।’ এ প্রসঙ্গে সরওয়ার-ই-আলম প্রথম আলোকে বলেন, ‘আমি এ ব্যাপারে কিছু জানি না। আপনি আবার আমার পেছনে লাগতে এলেন কেন?’জানা যায়, চট্টগ্রাম সিটি করপোরেশন বিগত সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে মামলায় জড়িয়ে প্রায় সবগুলোতে হেরেছে। এ জন্য সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী ২০০৯ সালে তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেন। পরে উচ্চ আদালতে গিয়ে তিনি সেই নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ নিয়ে আসেন। তবে মহিউদ্দিন চৌধুরী যত দিন মেয়র ছিলেন, তত দিন সেই আদেশ তিনি গ্রহণ করেননি। বর্তমান মেয়র মোহাম্মদ মন্জুর আলম দায়িত্ব নেওয়ার পর সরওয়ার-ই-আলম পুনরায় প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি প্রধান শিক্ষা কর্মকর্তা হিসেবেও তিনি অতিরিক্ত দায়িত্ব পালন করেন। এই সময়ে শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। শিক্ষার মানও নেমে যায়। ফলে এবারের এসএসসি পরীক্ষায় সিটি করপোরেশনের স্কুলগুলোতে ফলাফল বিপর্যয় ঘটে।সিটি করপোরেশন সূত্রে জানা যায়, সরওয়ার-ই-আলম প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে বেশির ভাগ মামলাতেই হেরেছে সিটি করপোরেশন। অভিযোগ রয়েছে, মামলা পরিচালনায় পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকা, প্রতিপক্ষের সঙ্গে যোগসাজশসহ আইন কর্মকর্তার নানা অপকৌশলের কারণে সিটি করপোরেশন এসব মামলায় হেরেছে। সর্বশেষ ২০০৯ সালে সিটি করপোরেশন জাকির হোসেন হোমিও কলেজের পুরো জমি হারায় আদালতের রায়ে। এর আগে নগরের অভিজাত নাসিরাবাদ আবাসিক এলাকায় তিনটি বাণিজ্যিক প্লট নিয়েও মামলায় হেরে যায় সিটি করপোরেশন। তারও আগে খাতুনগঞ্জের হামিদুল্লাহ খান বাজারের মালিকানা হারায় নগর কর্তৃপক্ষ। পাহাড়তলীর ঠান্ডাছড়িতেও মামলায় সরকারি জমির মালিকানা প্রতিপক্ষের হাতে চলে যায়। সর্বশেষ ২০০৮ সালে হালিশহরে ময়লার ডিপোর জায়গা নিয়ে দায়ের করা একটি মামলায় হেরেছে সিটি করপোরেশন। এভাবে সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও বর্তমান মেয়র মোহাম্মদ মন্জুর আলমের সময়ে সরওয়ার-ই-আলমের তত্ত্বাবধানে সবগুলো মামলায় হেরেছে নগর কর্তৃপক্ষ।এ ব্যাপারে সরওয়ার-ই-আলম বলেন, ‘আপনি লিখে দেন যে, আমি দায়িত্ব পালনকালে সিটি করপোরেশন ৯০ শতাংশ মামলায় জিতেছে।’ কোন কোন মামলায় জিতেছে জানতে চাইলে তিনি বলেন, ‘ফাইল খুললে দেখবেন, সব মামলায় জিতেছি।’ তিনি আবার বলেন, ‘যেসব মামলায় হেরেছি, সেগুলোতে সিটি করপোরেশনের কোনো মালিকানা ছিল না।’