অবসরে যেতে বাধ্য হলেন দুই সচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি করে অবশেষে চাকরি ছাড়তে হলো জনপ্রশাসনের দুই শীর্ষ কর্মকর্তা স্বাস্থ্যসচিব মো. নিয়াজ উদ্দিন মিঞা ও সরকারি কর্মকমিশনের (পিএসসি) সচিব এ কে এম আমির হোসেনকে।
মুক্তিযোদ্ধা না হয়েও সনদ নেওয়ার কারণে গতকাল বৃহস্পতিবার স্বেচ্ছা অবসরে যেতে হয়েছে তাঁদের। তাঁরা অবসর চেয়ে আবেদন করেছেন বলে নিশ্চিত করেছেন জনপ্রশাসনসচিব কামাল আবদুল নাসের চৌধুরী। তাঁরা বিধি অনুযায়ী, সব সুবিধা পাবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
সরকারি কর্মচারী নীতিমালা অনুযায়ী, চাকরির ২৫ বছর পূর্ণ হলে কোনো সরকারি কর্মচারী স্বেচ্ছায় অবসর গ্রহণের ইচ্ছা প্রকাশ করলে তা চূড়ান্ত বলে বিবেচিত হবে। কোনোভাবে তা সংশোধন বা প্রত্যাহার করা যাবে না।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসনের এই দুই কর্মকর্তার ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে এবং কারণ দর্শানোর নোটিশ দেয়। একই অভিযোগে সনদ বাতিল হয় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তৎকালীন সচিব কে এইচ মাসুদ সিদ্দিকীর। অভিযোগ মাথায় নিয়েই ৩১ অক্টোবর অবসরে গেছেন তিনি। এ ছাড়া একই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল কাশেম তালুকদার বর্তমানে ওএসডি। ইতিমধ্যে আবুল কাশেমের সঙ্গেও জনপ্রশাসন মন্ত্রণালয় যোগাযোগ করেছে। তিনিও অবসর চেয়ে আবেদন করবেন বলে জানা গেছে।
স্বাস্থ্যসচিব নিয়াজ উদ্দিন শারীরিক ও মানসিক কারণে চাকরি থেকে অবসর চেয়ে আবেদন করেছেন। আমির হোসেনের চিঠিতে বলা হয়, তিনি ২৫ বছর চাকরি করেছেন। এখন অবসরে যেতে চান।
‘চাকরির শেষ সময়ে মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার হিড়িক’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন গত ২২ জানুয়ারি প্রথম আলোতে প্রকাশিত হয়। এরপর তদন্ত কমিটি গঠন করা হয়। দুর্নীতি দমন কমিশনও (দুদক) এ ব্যাপারে অনুসন্ধান করে অভিযোগের সত্যতা পেয়েছে। এরপর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সুপারিশে ২২ সেপ্টেম্বর গেজেট বাতিল করে মন্ত্রণালয়।